রাশিয়ার নেতৃত্বাধীন সেনারা ১০ দিনের মধ্যে চলে যাবে: তোকায়েভ
রাশিয়ার নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) সামরিক জোটের সেনারা তাদের মূল উদ্দেশ্য পূরণের পর ২ দিন সময়ের মধ্যে কাজাখস্তান থেকে চলে যাওয়া শুরু করবে এবং ১০ দিনের মধ্যে তাদের প্রত্যাহার সম্পন্ন হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
মধ্য এশিয়ার দেশটিতে গুরুতর অস্থিরতা শুরু হওয়ার পর প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভের আহ্বানে সেখানে সেনা পাঠায় সিএসটিও। পরে তিনি জানান, উস্কানিদাতারা দেশে সহিংসতা ছড়িয়ে দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল।
মঙ্গলবার তোকায়েভ কাজাখস্তানের পার্লামেন্টকে বলেছেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বপালন করা আলীখান স্মাইলভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছেন তিনি এবং সম্পদে ব্যবধান কমানোর, খনি খাতে কর বাড়ানো ও সরকারি ক্রয়ে অনিয়ম দূর করার উদ্যোগ নিচ্ছেন।
এর একদিন আগে তিনি জানিয়েছিলেন, সিএসটিও মিশনের অধীনে ২০৩০ জন সেনা ও ২৫০টি সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
এই মিশনের বৈধতা ও সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন তোলায় রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল।
পার্লামেন্টে দেওয়া এক ভিডিও ভাষণে তোকায়েভ বলেন, “সিএসটিওর শান্তিরক্ষা বাহিনীর প্রধান উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিন সময়ের মধ্যে পর্যায়ক্রমে সিএসটিওর সংযুক্ত শান্তিরক্ষা বাহিনীর প্রত্যাহার শুরু হবে। পুরো বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হতে ১০ দিনের বেশি সময় লাগবে না।”
সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা মোতায়েনের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল মন্তব্য করে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের অভ্যুত্থান থেকে কাজাখস্তানকে রক্ষা করা গেছে বলে দাবি করেছেন।
১ কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশ কাজাখস্তানের অধিকাংশ এলাকায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা গেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। অস্থিরতাকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্যদের ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
কর্তৃপক্ষ বলেছে, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও সরকারকে উৎখাত করতে চাওয়া কয়েকটি গোষ্ঠী আন্দোলন ছিনতাই করেছিল।
গত সপ্তাহে সোভিয়েত আমলের পর গত ৩০ বছরের মধ্যে মধ্য এশিয়ার দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হয়। এ সময় বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা সরকারি ভবনগুলো কিছু সময়ের জন্য দখল করে রাখে বা সেগুলোতে আগুন দেয়। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা বিস্তৃত হয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এসব সহিংসতার জন্য দেশটির কর্তৃপক্ষ ‘চরমপন্থি’ ও ‘সন্ত্রাসীদের’ দায় দিয়েছে, এদের মধ্যে কিছু বিদেশিও আছে বলে অভিযোগ করেছে তারা।
দেশদ্রোহীতার সন্দেহে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান করিম মাসিমভকে গত সপ্তাহে আটক করা হয়। এর আগে প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ গোয়েন্দা প্রধানের পদ থেকে মাসিমভকে বরখাস্ত করেন, এর তিন দিনের মধ্যেই তাকে আটক করা হয়।
তোকায়েভ তার মন্ত্রিসভাকেও বরখাস্ত করেন। তেল সমৃদ্ধ দেশটিতে জরুরি অবস্থা জারি করে অস্থিরতায় ইতি টানতে গুলি করে হত্যার নির্দেশ জারি করেছেন তিনি।
রাশিয়ার ও কাজাখস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের করা পোস্টের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সহিংসতা চলাকালে ১৬৪ জন নিহত হয়েছেন।
কিন্তু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও পুলিশের কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা নিশ্চিত করেনি আর এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টও সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে রয়টার্স।
