২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পার্লামেন্টে চার শতাধিক কর্মীর কোভিড ‘পজিটিভ’

সামনেই বাজেট অধিবেশন।আর তার আগেই কোভিড থাবা বসিয়েছে ভারতের পার্লামেন্টে । ৪০০ জনের বেশি কর্মীর করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 11:13 PM

Updated : 28 Apr 2022, 11:24 PM

এনডিটিভি জানায়, কর্মকর্তারা বার্তা সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পার্লামেন্টের ১ হাজার ৪০৯ কর্মীর কোভিড পরীক্ষা করে তার মধ্যে ৪০২ জনেরই ফল পজিটিভ এসেছে।

এরপর এই করোনাভাইরাসের ধরন ওমিক্রন কি-না তা জানতে তাদের নমুনা পাঠানো হয়েছে জিনোম পরীক্ষার জন্য।

৪০২ জনের মধ্যে ২০০ জনই পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কর্মী, উচ্চকক্ষ রাজ্যসভার কর্মী হচ্ছেন, ৬৯ জন এবং বাকি ১৩৩ জন দুই কক্ষেই কাজ করেন। তবে পার্লামেন্টের বাইরে যারা কাজ করেন তাদের পরীক্ষার ফল এ তালিকায় যোগ করা হয়নি।

ইতোমধ্যেই কোভিড আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তারা নিজেদেরকে আইসোলেশনে রেখেছেন। বাজেটের আগে এতজনের কোভিড পজিটিভ হওয়ার খবর উদ্বেগ সৃষ্টি করেছে।

সরকারের নির্দেশনা মেনে সব কর্মীকে সুরক্ষার ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং সবাইকে নির্দিষ্ট কোভিড বিধির আওতায় কাজ করতে বলা হয়েছে।