কোভিড: যুক্তরাজ্যে মৃত্যু ছাড়াল দেড় লাখ
মহামারী শুরুর পর থেকে যুক্তরাজ্যে কোভিড ‘পজিটিভ’ হওয়ার ২৮ দিনের মধ্যে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল।
শনিবার দেশটির সরকার করোনাভাইরাসে আরও ৩১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করার পর যুক্তরাজ্য দেড় লাখ মৃত্যুর এ দুঃখজনক মাইলফলক অতিক্রম করে।
এ পর্যন্ত যুক্তরাজ্যে সরকারি হিসেবেই কোভিডে মৃত্যু এক লাখ ৫০ হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে।
বিশ্বের দেশগুলোর মধ্যে কোভিডে দেড় লাখ মৃত্যু ছাড়ানো ৭ম দেশ যুক্তরাজ্য; এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, মেক্সিকো ও পেরু এই মাইলফলক পেরিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনাভাইরাসের কারণে হওয়া প্রত্যেক মৃত্যুই তাদের বন্ধু-স্বজন ও কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি।
“করোনাভাইরাস আামাদের দেশের ভয়াবহ ক্ষতি করেছে; এই মহামারী থেকে বেরিয়ে আসার উপায় হল প্রত্যেকের বুস্টার ডোজ বা যারা এখনও নেননি তাদের টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়া,” বলেছেন তিনি।
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের তুমুল দাপটের মধ্যে শনিবার দেশটিতে আরও এক লাখ ৪৬ হাজার ৩৯০ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে।
শনাক্তকরণ পরীক্ষায় কোভিড ‘পজিটিভ’ হওয়ার ২৮ দিনের মধ্যে মৃত্যুর হারও বাড়তে দেখা যাচ্ছে দেশটিতে; সর্বশেষ ৭ দিনে যুক্তরাজ্য এ ধরনের এক হাজার ২৭১টি মৃত্যু দেখেছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
তবে বিপুল সংখ্যক মানুষকে টিকাদানের ফলে সংক্রমণের আগের ঢেউগুলোর মতন হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যু হু হু করে বাড়ছে না। যদিও এখনকার রোগী সংখ্যা এবং কোভিডের কারণে অনেক কর্মীর অনুপস্থিতিও হাসপাতালগুলোর জন্য চাপ সৃষ্টি করছে।
স্কটল্যান্ডে গত সপ্তাহে কোভিড নিয়ে হাসপাতালে আসা মানুষের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৫০ শতাংশ বেশি দেখা গেছে বলে নতুন এক হিসাব বলছে।
যুক্তরাজ্যের করোনাভাইরাসে বিপুল সংখ্যক মৃত্যুকে ‘খুবই বেদনাদায়ক’ অভিহিত করেছেন সরকারের সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিসের সদস্য অধ্যাপক অ্যান্ড্রু হেইওয়ার্ড।
“আমার মনে হয়, আমরা আরেকটু ভালো করতে পারতাম। আমরা যদি প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় আরেকটু আগে পদক্ষেপ নিতে পারতাম তাহলে অনেক মৃত্যু এড়ানো যেত, এই সত্যির কারণেও কিছু কিছু মৃত্যু আরও বেশি বেদনাদায়ক,” বলেছেন তিনি।
মৃত্যু সংখ্যা দেড় লাখ পেরোনোর খবরকে ব্রিটেনের জন্য ‘কৃষ্ণ মাইলফলক’ অ্যাখ্যা দিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার।
প্রধানমন্ত্রী জনসন মহামারী মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।
