২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে হোম আইসোলেশনের সময় কমলো

কোভিড-১৯ মোকাবেলায় একটি সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। এতে মৃদু এবং উপসর্গহীন রোগীদের জন্য হোম আইসোলেশনের সময় ১০ দিন থেকে কমিয়ে সাত দিন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 07:27 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

অর্থাৎ, করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার পর রোগীদের কমপক্ষে সাত দিন বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। সাতদিন পর ওই ব্যক্তি তার হোম আইসোলেশন শেষ করার ঘোষণা দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, টানা তিনদিন শরীরে জ্বরের কোনো লক্ষণ থাকা যাবে না।

নিয়ম মেনে হোম আইসোলেশন শেষ হওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষা করানোর প্রয়োজন নেই বলেও নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয় বলে জানায় এনডিটিভি। এর আগে করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার পর হোম আইসোলেশনের সময়কাল ছিল ১০ দিন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, গত দুই বছরে ভারতসহ বিশ্বে করোনাভাইরাস আক্রান্তদের অধিকাংশই ছিলেন উপসর্গহীন অথবা খুবই মৃদু উপসর্গ দেখা গেছে। এসব ক্ষেত্রে ন্যূনতম চিকিৎসায় তারা সেরে উঠেছেন। বাড়িতেই সঠিক চিকিৎসা নির্দেশিকা এবং পর্যবেক্ষণের মাধ্যমে যেটা সম্ভব।

তবে সংশোধিত নির্দেশিকায় বয়স্ক রোগীদের বেলায় তা একটু ভিন্নভাবে প্রয়োগের নির্দেশনা এসেছে। ৬০ বছরের বেশি বয়সী রোগী যাদের উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের মতো বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে তাদেরকে ডাক্তারের যথাযথ পরামর্শ সাপেক্ষে হোম আইসোলেশনের অনুমতি দেওয়া যাবে।

এছাড়া, এইডস আক্রান্ত, অঙ্গ প্রতিস্থাপন হয়েছে কিংবা ক্যান্সারের চিকিৎসা চলছে এমন কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হলে তাদের হোম আইসোলেশনের সুপারিশ না করার কথা ওই নির্দেশিকায় বলা হয়েছে। তবে একজন চিকিৎসক পরীক্ষার পর যদি তেমন মনে করেন তবে হোম আইসোলেশনে থাকার অনুমতি দিতে পারবেন।