দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন: গ্রেপ্তার ১
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানায়, গ্রেপ্তার ব্যক্তি পার্লামেন্ট কর্মী নন। তাকে আগামী মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হবে। তার বিরুদ্ধে আগুন লাগানো, বাড়ি ভাংচুর এবং চুরির অভিযোগ আনা হবে বলে জানায় পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি ভবনের পেছনের দিকে একটি জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে।
রোববার সকালে কেপ টাউনে অবস্থিত পার্লামেন্ট ভবন প্রাঙ্গনে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ভবনের ছাদ ধসে পড়েছে এবং মেঝে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘটনাকে ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেন। তিনি এ ঘটনার পরও পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যদিও ছুটির কারণে এখন পার্লামেন্ট অধিবেশন বন্ধ আছে।
পার্লামেন্ট ভবনের তৃতীয় তলার দপ্তর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কর্মকর্তারা। যা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
