দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, একটি ভবনের ছাদ ধসে পড়েছে এবং মেঝে পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
রোববার সকালে কেপ টাউনে এ আগুন লাগার পর কয়েক ঘণ্টার চেষ্টায় আংশিক নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল কর্মীরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেপ টাউনের সেইন্ট জর্জেস ক্যাথিড্রালে প্রয়াত আর্চবিশপ ডেসমন্ড টুটুর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার একদিন পর অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটল। পার্লামেন্ট ভবনটির অবস্থান এ ক্যাথিড্রালের কাছেই।
আগুন লাগার ঘটনায় পুলিশ ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।
পার্লামেন্ট কমপ্লেক্সের একটি অংশের ছাদে আগুনের লেলিহান শিখা এবং ভবনের উপরে কালো ধোঁয়ার স্তর কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে।
শেষ খবর পর্যন্ত আগুনে কারো হতাহত হওয়ায় খবর পাওয়া যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির গণপূর্ত ও অবকাঠামো মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলি।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট সিরিল রামাপোসা সাংবাদিকদের বলেন, ‘‘আমার বিশ্বাস কাউকে জবাবদিহির জন্য আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ছবি রয়টার্সের
পার্লামেন্ট ভবনে আগুন লাগার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের কাছের প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, ‘‘দেখে মনে হচ্ছে ভবনের আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমত কাজ করেনি। কিন্তু তারা (অগ্নিনির্বাপক বাহিনী) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের সরকারের অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করেছে।”
একটি দপ্তরের প্রাঙ্গণ থেকে আগুনের সূত্রপাত এবং পরে সেখান থেকে অন্যত্র ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন কেপ টাউন মেয়রাল কমিটির সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা জঁ-পিয়েরে স্মিথ।
“ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম কাজ করেনি। দেয়ালে বড় বড় ফাটল শনাক্ত করার কথা জানিয়েছেন কর্মকর্তারা, যা উদ্বেগের বিষয়,” বলেছেন তিনি।
জরুরি বিভাগের কর্মীরা ভবনের ভেতরে ঢুকে পানি ছিটালে ছাদ ও ভবনের প্রবেশপথ দিয়ে গাঢ ধোঁয়া বের হতে শুরু করে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কয়েক ডজন দমকলকর্মী কাজ করছেন বলে জানা গেছে। ছুটির কারণে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে এখন কোনো অধিবেশন চলছে না।
কেপ টাউনের এই পার্লামেন্ট ভবনের তিনটি অংশ রয়েছে, যার মধ্যে সবচেয়ে পুরনো অংশটি নির্মিত হয় ১৮৮৪ সালে, বাকি দুটি অংশ তৈরি হয় ১৯২০ ও ১৯৮০-র দশকে।
