২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে কোভিড টিকার চতুর্থ ডোজ অনুমোদন

কোভিড টিকার ৪র্থ ডোজ অর্থাৎ, দ্বিতীয় বুস্টার ডোজ অনুমোদন করেছে ইসরায়েল। ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2021, 11:22 PM

Updated : 08 Apr 2022, 12:04 AM

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে ইসরায়েলে বেড়েই চলেছে সংক্রমণ। এ পরিস্থিতিতে সোমবার স্বাস্থ্য কর্মীদের পরীক্ষামূলকভাবে চতুর্থ ডোজ কোভিড টিকা দিয়েছে একটি হাসপাতাল। দু’সপ্তাহের মধ্যেই এর ফল পাওয়ার আশা করছে দেশটি।

সীমিত পরিসরে চতুর্থ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, “ইসরায়েলের ওমিক্রনকে জয় করার কৌশল পরিষ্কার। আর তা হচ্ছে, সংক্রমণের ঢেউ যত বড় সেটিকে প্রতিরোধে আমাদের সুরক্ষা থাকাটও তত বেশি হওয়া দরকার।”

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিশেষজ্ঞ গত সপ্তাহে দেশটির স্বাস্থ্যকর্মীসহ ষাটোধ্র্ব ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকা মানুষদের জন্য ফাইজার-বায়োএনটেকের চতুর্থ ডোজ কোভিট টিকা দেওয়ার সুপারিশ করেছেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নাচম্যান অ্যাশ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, রোগ প্রতিরোধক্ষমতা কম—এমন মানুষদের জন্য তিনি চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছেন। টিকার চতুর্থ ডোজ ভালো কাজ করে- গবেষণায় এমনটি দেখা গেছে বলে জানান তিনি।