ইরানের পারমাণবিক চুক্তির বিরোধিতা করবে না ইসরায়েল: বেনেট
ইসরায়েল স্বপ্রণোদিত হয়ে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর পারমাণবিক চুক্তির বিরোধিতা করবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে চুক্তিটি ‘ভাল’ হওয়া এবং বিশ্বশক্তিগুলোকে আরও শক্ত অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ইসরায়েলের সেনা বেতার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন বেনেট। শিশু সাহিত্যের একটি চরিত্র তুলে ধরে বেনেট বলেন, “আমরা ‘না’ বলা সেই ভালুক নই।”
ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তি বাঁচানো নিয়ে ভিয়েনায় তেহরান এবং পাঁচ বিশ্বশক্তির আলোচনা নতুন করে শুরু হওয়ার পরদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী একথা বললেন। তবে এই আলোচনা থেকে আরও ফলদায়ক কিছু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
বেনেট বলেন, “ইসরায়েল অধিকতর ফলদায়ক পদ্ধতি পছন্দ করে। একটি ভাল চুক্তি অবশ্যই হতে পারে। চুক্তির পরিধি আমাদের জানা আছে। এখনকার যে প্রেক্ষাপট, তাতে এ মুহূর্তে কি ভাল চুক্তি হওয়ার আশা করা যায়? না। কারণ, এখানে আরও শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
“ইরানের অবস্থান খুবই দুর্বল। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্ব এমন আচরণ করছে, যেন ইরান একটা শক্ত অবস্থানে আছে।”
ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলার সক্ষমতার ব্যাপারে জানতে চাইলে, তা এড়িয়ে গিয়ে বেনেট বলেন, তিনি ‘কথা কম কাজ বেশি’ পদ্ধতি অনুসরণ করেন।
২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাঁচাতে সোমবার ইরান ও যুক্তরাষ্ট্র ভিয়েনায় পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করেছ। এতে ইরান মূলত একদিকে দৃষ্টি রাখছে, তা হল সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
ইসরায়েল এই পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার অংশীদার নয়। তবে তারা ইরানের পারমাণবিক কমসূচির রাশ টেনে ধরতে দেশটির ওপর আরও চাপ বাড়ানোর জন্য চুক্তির অংশীদার দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।
ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আওতায় তেহরানকে তাদের পারমাণবিক কার্যক্রম কমানোর বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে রেহাই পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই পারমাণবিক চুক্তি থেকে সরে আসেন। নতুন করে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। ফলে তেহরানও চুক্তি থেকে সরে এসে পারমাণবিক সক্ষমতা বাড়াতে থাকে।
তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তির সব শর্ত অনুসরণ সাপেক্ষে পুনরায় চুক্তিতে ফিরে যাচ্ছেন, যারই দ্বিতীয় পর্যায়ের আলোচনা সোমবার ভিয়েনায় শুরু হয়েছে।
পুরনো খবর
