ওমিক্রন আতঙ্ক, উত্তরপ্রদেশের ভোট পেছানোর আহ্বান হাই কোর্টের
আগামী বছর ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ভারতের উত্তরপ্রদেশে। তার আগে নির্বাচন স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে এলাহাবাদ হাই কোর্ট।
ভারতে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। হাই কোর্টের আশঙ্কা, ভোট হলে এই ভ্যারিয়েন্ট আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের এলাহাবাদ হাই কোর্টের বিচারকরা ওমিক্রনে সংক্রমণের হার বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার ভোট পিছানোর আহ্বান জানান।
উত্তর প্রদেশে প্রায় ২২ কোটি মানুষের বাস। আগামী বছর ফেব্রুয়ারিতে এ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। অন্য আরও তিনটি রাজ্যে একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের জাতীয় নির্বাচনের জন্য উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ফলাফল ব্যারোমিটার হিসাবে কাজ করবে। তাই মোদী ও অনান্য বিরোধীদলগুলোর জন্য উত্তর প্রদেশ এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশ করছে। আর এগুলোতে অংশ নেওয়া মানুষজন কোভিড বিধি মানছে না।
হাই কোর্টের বিচারকরা বলছেন, ফেব্রুয়ারিতে যে ভোট অনুষ্ঠান করার কথা আছে, তা সম্ভব হলে কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক।
“করোনাভাইরাস মরামারীর এই ভীতিকর পরিস্থিতির দিকে তাকিয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া, সমাবেশ, জমায়েত বন্ধ করা এবং আসন্ন নির্বাচন বাতিল করা বা পিছিয়ে দিতে আদালত মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছে। যদি জীবন থাকে, তাহলেই আমাদের এই পৃথিবী থাকবে,” বলন বিচারকরা।
দ্রুত ছড়াতে সক্ষম ওমিক্রন ভ্যারিয়ন্ট এখন পর্যন্ত ভারতের ১৭টি রাজ্যেজুড়ে ৩৫৮ জনের দেহে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শুক্রবার পর্যন্ত ওমিক্রনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার মোদী হিন্দু ধর্মের একটি তীর্থস্থানে জনতার বিশাল সমাগমের উপস্থিতিতে ভাষণ দিয়েছিলেন।
এ বছরের মার্চ-এপ্রিলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছিল। মহামারী প্রতিরোধ ব্যবস্থাপনায় ঘাটতির জন্য মোদী সরকারকে কঠোর সমালোচনার মুখেও পড়তে হয় তখন।
সামগ্রিকভাবে দেশটিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ, এবং ৪ লাখ ৮০ হাজার জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ভারত টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করছে এবং ৯০৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮৮ শতাংশকে অন্তত এক ডোজ কোভিড টিকা দেওয়া সম্পন্ন করেছে।
তবে এখনও উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলগুলো যেখানে স্বাস্থ্যসেবা ভঙ্গুর, লক্ষ লক্ষ মানুষ সেখানে সংক্রমণের ঝুঁকিতে আছে।
