মিয়ানমারে রত্ন খনিতে ভূমিধসে মৃত্যু বেড়ে ৩, নিখোঁজ প্রায় ৮০
মিয়ানমারের উত্তরাঞ্চলে রত্ন খনিতে ভূমিধসের ঘটনায় আরও দুজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
বৃহস্পতিবার সকালে পাওয়া এই দুই লাশ নিয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার অভিযানে জড়িত কাচিন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অনুমানিক হিসাবে নিখোঁজের সংখ্যা প্রায় ৮০ বলে জানিয়েছে।
এদিকে, ‘মিয়ানমার নাউ’ নিউজ পোর্টাল খনির বর্জ্যের নিচে অন্তত ১০০ জন চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করছে।
আরেকটি স্বেচ্ছাস্বেবক সংগঠন থিংগাহা দলের এক সদস্য মিন নায়াইংয়ের উদ্ধৃত দিয়ে মিয়ানমার নাউ বলছে, এ ধরনের ঘটনাতে সাধারণত চার থেকে সাত দিন পরে মৃতদেহগুলোর সন্ধান পাওয়া যায়।
অধিকাংশই চীনে রপ্তানি হওয়া এসব রত্ন খোঁজা মায়ানমার জুড়ে দরিদ্র শ্রমিকদের আয়ের অনেক বড় আকর্ষণ। কিন্তু মিয়ানমারের হেপাকান্ত রত্ন জেইডের সবচেয়ে বড় উৎস হলেও খনিগুলোতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
হপাকান্তে এভাবে রত্ন উত্তোলন নিষিদ্ধ। তবে স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে। কর্মসংস্থানের অভাবের পাশাপাশি করোনাভাইরাস মহামারীর কারণে এখন পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহের শেষের দিকে খনিটিতে ভূমিধসের ফলে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়। আর ২০২০ সালে খনির বর্জ্যের বিশাল একটি স্তূপ ধসে পাশের জলমগ্ন নিঁচু ভূমিতে পড়ে ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সরকার ২০১৬ সালে ক্ষমতায় এসে এ শিল্পকে পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অধিকার কর্মীরা বলছে, পরিবর্তন হয়েছে খুবই সামান্যই, সেইসঙ্গে গত ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে বলে জানিয়েছে তারা।
