মিয়ানমারে রত্ন খনিতে ভূমিধসে ১ মৃত্যু, নিখোঁজ ৭০
মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্ন খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ৭০ জন নিখোঁজ রয়েছেন।
ভূমিধসের কবলে পড়া অধিকাংশই অবৈধ রত্ন সন্ধানী বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তৎপরতা শুরু করা হয়েছে।
মিয়ানমারের কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় স্থানীয় সময় ভোর ৪টার দিকে ভূমিধসের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।
মিয়ানমার বিভিন্ন অলঙ্কারে ব্যবহৃত রত্ন জেইডের সবচেয়ে বড় উৎস হলেও তাদের খনিগুলোতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। উন্মুক্ত এই খনিগুলো থেকে উত্তোলিত মাটি, পাথর ট্রাকে করে নিয়ে আশপাশে স্তূপ করে রাখা হয়। এরকম একটি বর্জ্যের স্তূপ ধসেই এবারের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পাহাড়ের মতো উঁচু হয়ে থাকা এসব স্তূপের ঢালে মূল্যবান রত্নের খোঁজে সন্ধান চালায় বহু লোক। হপাকান্তে এটি নিষিদ্ধ হলেও স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে। কর্মসংস্থানের অভাবের পাশাপাশি করোনাভাইরাস মহামারীর কারণে এখন পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
কয়েকদিন আগে হপাকান্তের আরেকটি জেইড খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১০ জন অদক্ষ শ্রমিক নিখোঁজ হয়েছিল।
২০২০ এ খনি বর্জ্যের বিশাল একটি স্তূপ ধসে পাশের জলমগ্ন নিঁচু ভূমিতে পড়ে ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
