কোভিডের পর কয়েক মাস শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা কম হতে পারে
কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর কিছু পুরুষের শুক্রাণুর গুণমান কয়েক মাস পর্যন্ত দুর্বল হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
তারা দেখেছেন, উপসর্গযুক্ত সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার এক মাসের মধ্যে ৩৫ জন পুরুষের দেওয়া নমুনায় শুক্রাণুর গতিশীলতা স্পষ্ট হ্রাস পেয়ে ৬০ শতাংশে নিচে নেমে গেছে আর শুক্রাণুর সংখ্যা ৩৭ শতাংশ কমে গেছে, তবে তাদের শুক্রাণু সংক্রমিত হয়নি; বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিজ্ঞান সাময়িকী ‘ফার্টালিটি এন্ড স্টেরালিটি’তে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের লক্ষণ পুরোপুরি সেরে যাওয়ার গড়ে ৫২ দিন পর ৩৫ বছর গড় বয়সী ১২০ জন বেলজীয়র কাছ থেকে শুক্রাণুর নমুনা সংগ্রহ করা হয়েছিল।
তাদের ৫১ জনকে সুস্থ হওয়ার এক থেকে দুই মাসের মধ্যে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তাদের মধ্যে ৩৭ শতাংশের শুক্রাণুর গতিশীলতা হ্রাস পেয়েছে এবং ২৯ শতাংশের শুক্রাণুর সংখ্যা কম। সুস্থ হওয়ার অন্তত দুই মাস পর শুক্রাণুর নমুনা দেওয়া ৩৪ জনের শুক্রাণুর গতিশীলতা দুর্বল পাওয়া গেছে আর শুক্রাণুর সংখ্যা ৬ শতাংশ কম ছিল।
কোভিড-১৯ এর প্রবলতা শুক্রাণুর বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত ছিল না।
গবেষকরা বলেছেন, “কোভিড-১৯ সংক্রমণের পর শুক্রাণুর গুণমান সর্বোচ্চ মানের চেয়ে কম হতে পারে, এ বিষয়ে সন্তান আকাঙ্ক্ষি দম্পতিদের সতর্ক করা উচিত।”
প্রাথমিকভাবে পাওয়া হিসাব অনুযায়ী, সুস্থ হওয়ার তিন মাসের মধ্যে এ সমস্যা কেটে যেতে পারে, তবে এটি নিশ্চিত হতে এবং অল্প কিছু পুরুষের ক্ষেত্রে এটি স্থায়ী ক্ষতি হিসেবে থেকে যায় কিনা তা নিশ্চিত হতে আরও গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
