জাপানকে মিয়ানমারের সঙ্গে সামরিক আদান-প্রদান বন্ধের আহ্বান এইচআরডব্লিউ’র
মিয়ানমারের ক্যাডেটদের জন্য জাপানের সামরিক-অধ্যয়ন ও যুদ্ধ প্রশিক্ষণ কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার সংগঠনটি এই আহ্বান জানায়। এক বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, “মিয়ানমারের ক্যাডেটদেরকে যখন জাপান সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, ঠিক তখনই মিয়ানমারের সশস্ত্র বাহিনী নিজদেশের জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করে চলেছে, এটি খুবই দুঃখজনক।”
জাপান এবং মিয়ানমারের মধ্যে একাডেমিক বিনিময় কর্মসূচি আছে। যার আওতায় মিয়ানারের সামরিক বাহিনীর আটজন ক্যাডেট জাপানের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পড়াশুনা করছেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরিচালনা করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এইচআরডব্লিউ’র ওই বিবৃতি সম্পর্কে মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।
মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই জাপান দেশটিতে নতুন করে সাহায্য দেওয়া বন্ধ করেছে এবং মিয়ানমারের সেনাবাহিনীকে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলো মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মতো এমন আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
কিন্তু জাপান ওই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার চেষ্টায় মিয়ানমারে গণতন্ত্রের জন্য সমর্থনের বিষয়টিতে ভারসাম্য বজায় রেখে চলতে চাইছে।
গত মার্চে জাপানের উপ প্রতিরক্ষামন্ত্রী রয়টার্স বার্তা সংস্থাকে বলেছিলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে অংশীদারিত্ব ছিন্ন করার যে কোনও পদক্ষেপই চীনের জন্য লাভবান হয়ে উঠতে পারে।
জাপানের ন্যাশনাল ডিফেন্স একাডেমির ওয়েবসাইটে বলা আছে, বিদেশ থেকে আসা ক্যাডেটদেরকে বিনিময় কর্মসূচির আওতায় জাপানের ক্যাডেটদের মতো একই কোর্স করানো হয়। এই একাডেমিতে যুদ্ধাস্ত্র চালানো থেকে শুরু করে কমান্ড এবং অভিযান পরিচালনা করা পর্যন্ত ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়।
মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে গনতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে। এবছরের শেষে এসে একাধিক অভিযোগে সু চির বিচার করে তাকে জেল দিয়েছে জান্তা সরকার।
সেনাদের হাতে ১৩০০’র বেশি বিক্ষোভকারী নিহতও হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষকরা।
এমন অবস্থার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া মিয়ানমারের সঙ্গে ভাষা প্রশিক্ষণের মতো বিভিন্ন কর্মসূচি এবং প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করেছে। আর নিউ জিল্যান্ডও মিয়ানমারের সঙ্গে উচ্চ-পর্যায়ের সব ধরনের সামরিক যোগাযোগ বন্ধ করেছে।
