২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় রাইড দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ায় শিশুদের খেলার রাইড বাউন্সি ক্যাসেল দুর্ঘটনায় আহত আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত সপ্তাহের এই দুর্ঘটনায় মোট ৬ শিশুর মৃত্যু হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 05:47 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

বিবিসি জানায়, সবশেষ মারা যাওয়া শিশুর নাম চেস হ্যারিসন। ১১ বছর বয়সের এই শিশুকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। দুর্ঘটনার তিনদিনের মাথায় রোববার শিশুটি মারা যায়।

অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে ডেভনপোর্টের হিলক্রেস্ট প্রাইমারি স্কুলে আনন্দ আয়োজন চলাকালে গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। দমকা হাওয়ায় বাউন্সি ক্যাসেল উড়ে গিয়ে প্রায় ৩২ ফুট ওপর থেকে ৯ শিশু পড়ে যায়।

বাউন্সি ক্যাসেল মূলত শিশুদের লাফানোর জন্য প্লাস্টিক দিয়ে প্রাসাদ বা দূর্গের আদলে তৈরি বায়ুভর্তি একটি রাইড। স্কুলে শিশুদের শিক্ষাবর্ষের শেষ দিন উপলক্ষে আনন্দ আয়োজনে এই রাইডের ব্যবস্থা করা হয়েছিল।

দুর্ঘটনায় হ্যারিসের আগে ১১ থেকে ১২ বছর বয়সী আরও পাঁচ শিশু মারা যায়। আহত আরও দুই শিশু এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আরেক আহত শিশু শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সে রোববার স্কুলে গিয়ে মারা যাওয়া সহপাঠীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার তাসমানিয়া পুলিশ বলেছে, তারা তদন্ত নিয়ে তাড়াহুড়া করতে চান না। তবে মানুষ দুর্ঘটনার কারণ জানার অপেক্ষায় আছে সেটিও তারা বোঝেন।

পুরনো খবর:

দমকা হাওয়ায় উড়ল রাইড, পড়ে পাঁচ শিশুর মৃত্যু