দমকা হাওয়ায় উড়ল রাইড, পড়ে পাঁচ শিশুর মৃত্যু
অস্ট্রেলিয়ায় দমকা হাওয়ায় উড়ে যাওয়া শিশুদের একটি খেলার রাইড বাউন্সি ক্যাসেল থেকে পড়ে পাঁচ শিশু মারা গেছে। আহত হয়েছে আরও চারজন।
তাসমানিয়া প্রদেশে ডেভনপোর্টের হিলক্রেস্ট প্রাইমারি স্কুলে আনন্দ আয়োজন চলাকালে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুরা প্রায় ৩২ ফুট ওপর থেকে পড়েছিল। তাদের মধ্যে মেয়ে এবং ছেলে শিশুও ছিল।
বিবিসি জানায়, হতাহত শিশুদের বয়স কত, তা জানানো হয়নি। তবে সাধারণত ১০ থেকে ১২ বছর বয়সী শিশুরাই ওই জায়গায় ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাউন্সি ক্যাসেল মূলত শিশুদের লাফানোর জন্য প্লাস্টিক দিয়ে প্রাসাদ বা দূর্গের আদলে তৈরি বায়ুভর্তি একটি রাইড। স্কুলে শিশুদের আনন্দের দিন উপলক্ষে এই রাইডের ব্যবস্থা করা হয়েছিল।
তাসমানিয়ার পুলিশ কমিশনার ড্যারেন হাইন বলেন, দমকা হাওয়ার কারণে এই ক্যাসেল উড়ে যায়। আর তাতেই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি খুবই হৃদয়বিদারক বলে অভিহিত করেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও একে “অভাবনীয় এক হৃদয়বিদারক’ ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “শিশুদের আনন্দের দিন এক ভয়ংকর বেদনাদায়ক ঘটনায় রূপ নিল।”
স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনার পরই স্বাস্থ্যকর্মীরা হিলক্রেস্ট স্কুলে উপস্থিত হন। আহত শিশুদেরকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিকভাবে চার শিশুর মত্যুর খবর জানানো হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর আরেক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫ জনে।
স্কুলে শিশুদের শিক্ষাবর্ষের শেষ দিন উপলক্ষে করা হয়েছিল আনন্দ আয়োজন। দুর্ঘটনার পরপরই শিশুদের মা-বাবাকে বিষয়টি অবহিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসি’র এক সাংবাদিক টুইটে লেখেন, শিশুদের ফিরিয়ে আনতে স্কুলে ছুটছেন বাবা–মায়েরা।
স্থানীয় পত্রিকায় এক অভিভাবক বলেছেন, এর আগেও স্কুলটিতে আনন্দ আয়োজনে এমন বাউন্সি ক্যাসেল স্থাপন করা হয়েছে। তবে তখন কোনো সমস্যা হয়নি। “একটি আনন্দের দিন এভাবে শেষ হবে সেটি কল্পনাও করা যায় না”, বলেন তিনি।
