২০২২ বেইজিং অলিম্পিকে উপস্থিত থাকার প্রতিশ্রুতি পুতিনের
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আসন্ন শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২-এ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে এক ভিডিও কলে পুতিন এ প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে বিবিসি।
উইঘুর নিপীড়নসহ চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে।
এরপর তাবড় সব বিশ্বনেতার মধ্যে পুতিনই প্রথম বেইজিং অলিম্পিকের আসরে উপস্থিতি থাকার বিষয়টি নিশ্চিত করলেন। চীন বরাবরই মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করে আসছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন চীনের রাষ্ট্র-মালিকানাধীন ‘দ্য গ্লোবাল টাইমস’ পত্রিকাকে বলেন, “আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে, আন্তর্জাতিক ক্রীড়ায় সহযোগিতার ক্ষেত্রে সময় আমরা সব সময় একে অপরকে সমর্থন করি। আর একইসঙ্গে আমাদের অবস্থান খেলাধুলা এবং অলিম্পিক নিয়ে রাজনীতিকরণের চেষ্টার বিরুদ্ধে।”
যুক্তরাষ্ট্র চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে; চীন তাদের শিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘু উইঘুরদের ওপর ভয়াবহ নিপীড়ন চালিয়ে আসছে বলেও দাবি ওয়াশিংটনের।
তাছাড়া, হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নভেম্বরে একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যৌন নীপীড়নের অভিযোগ তোলা টেনিস খেলোয়াড় পেং শুয়াইকে কয়েক সপ্তাহ জনসমক্ষে দেখা না যাওয়ার প্রতিক্রিয়ায় চীনের বিরুদ্ধে কূটনৈতিক বয়কটের পথে হাঁটে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদেশগুলো।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া তাদের উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তা বেইজিং অলিম্পিকে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়। যদিও কর্মকর্তারা না গেলেও দেশগুলোর খেলোয়াড়দের বেইজিং অলিম্পিকে অংশ নিতে কোনও বাধা নেই।
চীন অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর পাল্টা প্রতিক্রিয়ায় ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। তবে পাল্টা পদক্ষেপ কেমন হতে পারে সে বিষয়ে কোনও ইঙ্গিত দেয়নি তারা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উয়াং ওয়েনবিন বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া রাজনৈতিকভাবে সুবিধা নিতে অলিম্পিক প্ল্যাটফর্মকে ব্যবহার করছে।
তাছাড়া, বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ মুহূর্তে অলিম্পিকে অংশগ্রহণের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।
পুতিনের শাসনামলে চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, সামরিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যাপকভিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে।
