ফ্রান্সের অধীনেই থাকছে নিউ ক্যালেডোনিয়া
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র দ্বীপ নিউ ক্যালেডোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোটে ‘না’-এর পক্ষে বেশি ভোট দিয়েছেন অধিবাসীরা।
গত রোববারের এই গণভোটের প্রাথমিক ফলে দেখা গেছে, ৯৬ দশমিক ৫ শতাংশ মানুষ স্বাধীনতার প্রশ্নে ‘না’ ভোট দিয়েছেন। অর্থাৎ, নিউ ক্যালেডোনিয়ার বেশির ভাগ মানুষ স্বাধীনতা চান না।
ভোটের এই ফলের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টেলিভিশনে এক ভাষণে বলেছেন, “গণভোটে নিউ ক্যালেডোনিয়ার অধিবাসীরা ফ্রান্সের অধীনে থাকাটাই বেছে নিয়েছেন। তারা অবাধে তাদের এই সিদ্ধান্ত জানিয়েছেন।”
এ নিয়ে তৃতীয়বারের মতো এবং চূড়ান্ত গণভোটের রায়ে ফ্রান্সের অধীনে থাকার বিষয়টি পাকাপোক্ত করলেন দ্বীপটির বাসিন্দারা।
এর আগে ২০১৮ এবং ২০২০ সালে দুইবার নিউ ক্যালেডোনিায় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখনও প্রথমবার ৫৭ শতাংশ এবং পরেরবার ৫৩ শতাংশ মানুষ ফ্রান্সের অধীনে থাকার পক্ষে রায় দেন। এবার এ হার আরও অনেক বেড়েছে।
তবে রোববারের গণভোটে মাত্র ৪৩ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দেওয়ায় ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাধীনতাপন্থিরা গণভোট বর্জন করেছিলেন। মহামারীর কারণে ঠিকমত প্রচার চালানো যায়নি যুক্তিতে নিউ ক্যালেডোনিয়ার স্বাধীনতাপন্থিরা গণভোট স্থগিতের দাবি করেছিলেন। দাবি না মানায় তারা গণভোট বর্জন করেন।
এখন গণভোটে ‘না’ জয়যুক্ত হওয়ায় বিশ্লেষকদের আশঙ্কা, স্বাধীনতার সমর্থকরা ক্ষুব্ধ হতে পারে এবং এতে করে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। স্বাধীনতাপন্থিরা এরই মধ্যে রোববারের নির্বাচনের বৈধতা অস্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারত মহাসাগর ও সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি দ্বীপপুঞ্জের মধ্যে নিউ ক্যালেডোনিয়া একটি। একে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের প্রভাব বিস্তারের পরিকল্পনা আছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ।
ফ্রান্স থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার দূরে ও অস্ট্রেলিয়া থেকে প্রায় ১২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত নিকেল-সমৃদ্ধ এ দ্বীপটিতে ১৯৮০-র দশকে স্বাধীনতাকামী জনগণ এবং ফ্রান্সের সঙ্গে থাকতে চাওয়া জনগোষ্ঠীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ১৯৮৮ সালে দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় স্বাধীনতা প্রশ্নে ধারাবাহিক গণভোট অনুষ্ঠানের আহ্বান জানানো হয়।
আলোচনা শুরুর এক দশক পরে হওয়া চুক্তি অনুযায়ীই রোববার তৃতীয় গণভোট সম্পন্ন হয়েছে। এ ভোটের যে ফল এসেছে তাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পরিকল্পনা সাজাতে আর কোন বাধা থাকল না।
