২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি প্রধানমন্ত্রী-আমিরাত ক্রাউন প্রিন্স বৈঠক, ইরান নিয়ে আলোচনা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2021, 11:14 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

সোমবার আল নাহিয়ানের প্রাসাদে প্রকাশ্যে দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক। তাদের আলোচনায় ইরান ইস্যু স্থান পেয়েছে বলে জানিয়েছেন আবু ধাবিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আমির হায়েক।

দীর্ঘদিনের বৈরিতা ভুলে গত বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথমবার ইসরায়েলের কোনও প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করছেন।

দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আশা নিয়েই বেনেটের এই সফর। বৈঠকের ছবিও এরই মধ্যে প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, বেনেট ও আল-নাহিয়ান একে অপরের সঙ্গে সহাস্যে হাত মেলাচ্ছেন। বেনেটের কার্যালয় এই সখ্যকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে।

দুই দেশের কূটনৈতিক পদক্ষেপের পথে হাঁটার অন্যতম কারণ হচ্ছে, ইরানের কর্র্মকাণ্ড নিয়ে উদ্বেগ। তবে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও চালাচ্ছে।

ইসরায়েলি রাষ্ট্রদূত আমির হায়েক ইরান নিয়ে দুই নেতার আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে ইসরায়েলের সেনা বেতারে তিনি বলেন, প্রধানমন্ত্রী (নাফতালি বেনেট) কেবল ইরান নিয়ে কথা বলতে আবু ধাবিতে আসেননি।”

যুক্তরাষ্ট্রসহ ৬ বিশ্বশক্তি ইরান পরমাণু চুক্তি বাঁচানোর চেষ্টায় আলোচনা চালানোর এই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমিরাত সফর করছেন। ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার বিরুদ্ধে ইসরায়েল সম্প্রতি তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে।

সম্পর্ক স্বাভাবিকের পর প্রথম আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী  

নাফতালি বেনেট ইরানের বিরুদ্ধে ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ অভিযোগ তুলে ভিয়েনা আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরান ইসরায়েলের ঘোর শত্রু। তবে রোববার আমিরাত সফরের জন্য যাত্রা শুরুর সময় থেকে ইরান প্রসঙ্গ আলোচনায় স্থান পাওয়ার বিষয়টি নিয়ে বেনেট প্রকাশ্যে কিছুই বলেননি।

তিনি তখন কেবল সফরকালে আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অন্যান্য সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ওদিকে, আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে বলেছে, বেনেটের সফর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দুই দেশসহ গোটা অঞ্চলের জনগণের স্বার্থে আরও ইতিবাচক পদক্ষেপের পথে সহযোগিতার সম্পর্র্ককে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আবু ধাবির ক্রাউন প্রিন্স আল নাহিয়ান।

আর ইরানের প্রসঙ্গে ইসরায়েলের ‘হায়ম’ পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, নাফতালি বেনেট অমিরাতের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে ওই অঞ্চলে ইরানের মিলিশিয়া এবং ড্রোন সরবরাহের বিষয়ে গোয়েন্দা তথ্য সম্পর্কে ব্রিফিং দেবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল।

ইসরায়েলি রাষ্ট্রদূত হায়েক বলেছেন, আমিরাতে সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে কাজ চলছে। যদিও ইসরায়েলের শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আধুনিক ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের প্রস্তাব এখনও দেওয়া হয়নি।