উইসকনসিনে বিক্ষোভে গুলি চালানো কিশোরের দোষ পায়নি মার্কিন আদালত
উইসকনসিনের কেনোশায় গত বছর পুলিশি নির্যাতন ও বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যে তিনজনের ওপর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার কিশোর নির্দোষ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
সেসময় ১৭ বছর বয়সী কাইল রিটেনহাউজের গুলিতে ৩৬ বছর বয়সী জোসেফ রোজেনবাম ও ২৬ বছর বয়সী অ্যান্থনি হুবার নিহত হন; আহত হন ২৮ বছর বয়সী গাইগে গ্রসক্রৎজ।
পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ আহত হওয়ার ঘটনায় গত বছরের অগাস্টের শেষ সপ্তাহে উইসকনসিন অশান্ত হয়ে ওঠে। অগ্নিসংযোগ, দাঙ্গা, লুটতরাজের মধ্যে ২৫ অগাস্ট বর্ণবাদবিরোধী এক বিক্ষোভে গোলাগুলির ওই ঘটনা ঘটে। রিটেনহাউজের দাবি, নিজের জীবন বাঁচাতে বাধ্য হয়েই গুলি ছুড়তে হয়েছিল তাকে।
শুক্রবার ৫টি অভিযোগের সবগুলো থেকে খালাস পাওয়ার পর রিটেনহাউজকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রায় ঘোষণার সময় আদালত ভবনের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিল। রিটেনহাউজের পক্ষে-বিপক্ষে থাকা অনেকে আদালতের বাইরে রায়ের জন্য অপেক্ষাও করছিলেন।
রায়ে অনেকে ‘হতাশ’ হলেও বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত কেনোশার পরিস্থিতি শান্তই ছিল।
বিবিসি জানিয়েছে, মামলায় যার বিরুদ্ধে অভিযোগ এবং যারা হতাহত হয়েছে তারা সবাই শ্বেতাঙ্গ হলেও এই মামলাটির ঘিরে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু ৭ নারী ও ৫ পুরুষের সমন্বয়ে গঠিত জুরি দল ঘটনা সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে রিটেনহাউজের ভাষ্যে আস্থা রাখেন।
সাক্ষ্য-প্রমাণ বলছে, রোসেনবাম ও হুবার রিটেনহাউজের দিকে তেড়ে গিয়ে তার উপর হামলা চালানোর চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়; গ্রসক্রৎজও গুলি খাওয়ার আগে কিশোর রিটেনহাউজের দিকে বন্দুক তাক করেছিলেন।
“কাইল মুক্ত ও নিরপরাধ মানুষ হিসেবে তার জীবন কাটাতে পারবে এতে আমরা খুশি। কিন্তু এই পুরো পরিস্থিতিতে কেউ বিজয়ী হয়নি। দুজন মানুষ প্রাণ হারিয়েছেন,” রয়টার্সকে এমনটাই বলেছেন রিটেনহাউজ পরিবারের মুখপাত্র ডেভিড হ্যানকক।
আদালতের রায়ে অসন্তুষ্ট হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যাতে রিটেনহাউজের সঙ্গে শ্বেতা্ঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের যোগসাজশের ইঙ্গিত দেওয়া হয়েছিল।
“কেনোশার ঘটনা নিয়ে হওয়া রায় আমার মতো অসংখ্য মার্কিনিকে ক্রুদ্ধ এবং উদ্বিগ্ন করলেও আমাদের মেনে নিতে হবে, জুরিরা তাদের সিদ্ধান্ত বলে দিয়েছেন,” বলেছেন বাইডেন।
নাগরিকদের অস্ত্র বহনের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে থাকা বিভক্তি শুক্রবারের রায়ের পর দেওয়া প্রতিক্রিয়াতেও স্পষ্ট হয়েছে।
মার্কিন কংগ্রেসের ব্ল্যাক ককাস তাদের বিবৃতিতে রায়ের কঠোর সমালোচনা করেছে। রিটেনহাউজকে ছেড়ে দেওয়াকে ‘অযৌক্তিক’ বলেও অ্যাখ্যা দিয়েছে তারা।
অনেকে বলছেন, রিটেনহাউজ যদি কৃষ্ণাঙ্গ হতেন, তাহলে পুলিশ এবং আদালত তার প্রতি আরও ‘নির্দয়’ হতো।
অন্যদিকে রায়কে স্বাগত জানিয়েছেন রক্ষণশীলরা। তাদের মতে, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী যে কতটা ঠিক তা আরও একবার দেখালো শুক্রবারের রায়। সংবিধানের ওই সংশোধনীই মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার দিয়েছে।
“বন্ধুরা, কাইল রিটেনহাউজ নির্দোষ। নিজেকে রক্ষার অধিকার আছে আপনাদের। সশস্ত্র হন, বিপজ্জনক হন, নৈতিক হন,” রায়ের পর ইনস্টাগ্রামে দেওয়া প্রতিক্রিয়ায় এমনটাই লিখেছেন নর্থ ক্যারোলাইনা থেকে মার্কিন কংগ্রেসে যাওয়া রিপাবলিকান ম্যাডিসন কাথর্ন।
