ক্ষণিকের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা পাওয়া প্রথম নারী কমলা
অনেক প্রথমের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবার কয়েক মুহূর্তের জন্য প্রেসিডেন্টের ক্ষমতা হাতে পাওয়া প্রথম নারী হলেন।
বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় থাকাকালে কমলা হ্যারিসকে প্রেসিডেন্টের ক্ষমতা দিয়ে গিয়েছিলেন।
শুক্রবার সকালে বাইডেনকে রুটিন কোলনস্কোপি করানোর সময় প্রায় ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেন কমলা। ওইটুকু সময়ের জন্য তিনিই ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং পারমাণবিক শক্তির নিয়ন্তা।
প্রেসিডেন্ট হিসাবে বাইডেন শুক্রবারই প্রথম ডাক্তারি পরীক্ষা করালেন। তার ৭৯ তম জন্মবার্ষিকীর আগে দিয়ে এই স্বাস্থ্য পরীক্ষা করা হল। কর্মকর্তারা বলছেন, বাইডেনের এই পরীক্ষার সময় হ্যারিস হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে নিজের অফিসে বসেই কাজ চালিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, সাময়িকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস-প্রেসিডেন্টের হাতে দেওয়া নজিরবিহীন কিছু নয়। যুক্তরাষ্ট্রের সংবিধানেই এ নিয়ম আছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রেও ২০০২ এবং ২০০৭ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল।
তবে কমলা হ্যারিস অনেক দিক দিয়েই প্রথম হয়ে ইতিহাস গড়েছেন। ৫৭ বছর বয়সী কমলা যুক্তরাষ্ট্রে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত; যিনি প্রথম যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন। সেদিক থেকে স্বল্প সময়ের জন্য হলেও প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া প্রথম নারী তিনিই।
