২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিমান হামলায় ‘বেসামরিক মৃত্যু লুকিয়েছে’ যুক্তরাষ্ট্র

সিরিয়ায় দুই বছর আগে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ ৬৪ বেসামরিককে হত্যার কথা লুকিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, বলছে নিউ ইয়র্ক টাইমস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 05:51 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের সময় ২০১৯ সালে ঘটনাটি ঘটেছিল বলে শনিবার সংবাদপত্রাটিতে (টাইমস) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, ওই সময় বাঘুজ শহরের কাছে উপর্যুপরি দুটি বিমান হামলা চালানো হয়, যার নির্দেশটি এসেছিল সিরিয়ায় স্থল অভিযানের দায়িত্বপ্রাপ্ত আমেরিকান স্পেশাল অপারেশন্সের একটি গোপন ইউনিট থেকে।

নিউ ইয়র্ক টাইমস বলেছে, সিরিয়ায় মার্কিন বিমান অভিযানের তত্ত্বাবধান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড করলেও তারা এই সপ্তাহে প্রথম ওই বিমান হামলা দুটির কথা স্বীকার করেছে এবং হামলাটি ন্যায়সঙ্গত ছিল বলে মন্তব্য করেছে।

শনিবার এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড সংবাদপত্রটিকে যে হিসাব দিয়েছে তা পুনর্ব্যক্ত করে বলেছে, ওই হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ১৬ যোদ্ধা ও চার জন বেসামরিকসহ ৮০ জন নিহত হয়েছিল।

নিহত অপর ৬০ জন বেসামরিক ছিল কিনা তা পরিষ্কার নয় বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এর কারণ হিসেবে তারা বলছে, নারী ও শিশুরাও যোদ্ধা হতে পারে।

বিবৃতিতে সামরিক বাহিনীটি বলেছে, হামলাগুলো ‘ন্যায়সঙ্গত আত্মরক্ষার’ জন্য ছিল ও ‘বেসামরিকরা যেন উপস্থিত না থাকে তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল’।   

“নিরপরাধদের মৃত্যু ঘৃণা করি আমরা এবং তাদের ঠেকাতে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়ে থাকি। এই ঘটনার ক্ষেত্রে, আমরা আমাদের নিজস্ব প্রমাণ অনুযায়ী তদন্ত করেছি এবং অনিচ্ছাকৃত প্রাণহানির পুরো দায়িত্ব গ্রহণ করছি,” বলেছে সেন্ট্রাল কমান্ড।

নিহত ওই ৬০ জনের মধ্যে বেসামরিকদের সংখ্যা নির্ধারণ করা যায়নি কারণ এই ঘটনাগুলোর ভিডিওতে ‘একাধিক অস্ত্রধারী নারী ও অন্তত একজন অস্ত্রধারী শিশুকে দেখা গিয়েছিল’ বলে জানিয়েছে তারা। ওই ৬০ জনের বেশিরভাগই সম্ভবত যোদ্ধা ছিল বলে তারা মন্তব্য করেছে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলাটি যখন চালানো হয় তখন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ, কুর্দি বাহিনী) ব্যাপক গুলির মুখে পড়েছিল এবং পরাজয়ের ঝুঁকির মুখে ছিল আর ওই এলাকায় কোনো বেসামরিক নেই বলে জানিয়েছিল এসডিএফ।

নিউ ইয়র্ক টাইমসের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিদর্শক ১৮ মার্চ, ২০১৯ এ ঘটা ওই ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেদনটি থেকে বোমা হামলার সব উল্লেখ পুঙ্খানুপুঙ্খভাবে ‘সরিয়ে নেওয়া হয়েছিল’ এবং স্বাধীন তদন্ত আর কখনোই করা হয়নি।

সংবাদপত্রটি বলেছে, গোপনীয় নথি ও দাপ্তরিক গোপন প্রতিবেদনের বর্ণনার ওপর ভিত্তি করে তাদের প্রতিবেদনটি করা হয়েছে, পাশাপাশি এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত লোকজনের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।

ওই সময় অভিযান কেন্দ্রে উপস্থিত বিমান বাহিনীর একজন আইনজীবীর বিশ্বাস হয়েছিল যে বিমান হামলা দুটি যুদ্ধাপরাধ হতে পারে। তিনি পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিদর্শক এবং মার্কিন সেনেটের আর্মড সার্ভিস কমিটিকে সতর্ক করেছিলেন, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।