২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

একুয়েডরের গুয়াইয়াকিল শহরের পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরাল কারাগারে দাঙ্গায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 11:02 AM

Updated : 07 Apr 2022, 11:52 PM

দাঙ্গার এ ঘটনাটি অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে ঘটেছে বলে শনিবার দেশটির সরকার জানিয়েছে।

এর আগে কর্তৃপক্ষ এ দাঙ্গায় ৫৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছিল, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াইয়াকিলের এ কারাগারটিতেই সেপ্টেম্বরের শেষ দিকে আরেকটি দাঙ্গায় ১১৯ জন বন্দি নিহত হয়েছিল; যা এ পর্যন্ত দেশটিতে ঘটা সবচেয়ে ভয়াবহ কারাদাঙ্গা। এই সহিংসতার জন্য কারাগারটির নিয়ন্ত্রণ নিয়ে মাদক পাচরকারী গোষ্ঠীগুলোর মধ্যে চলা বিরোধকে দায়ী করেছিল দেশটির সরকার।

গুয়াইয়াস প্রদেশের গভর্নর পাবলো আরোসেমেনা এক সংবাদ সম্মেলনে জানান, এক অপরাধী গোষ্ঠীর প্রধানের মুক্তির পর সৃষ্ট শূন্যতা পূরণ নিয়ে দ্বন্দ্বের জেরে এবারের ঘটনাটি ঘটেছে।

“কয়েকদিন আগে সাজার মেয়াদের ৬০ শতাংশ পূর্ণ হওয়ার পর কারাগারের এই ব্লকটি নিয়ন্ত্রণকারী অপরাধী দলটির নেতা মুক্তি পান, তারপর থেকে সেখানে কোনো নেতা ছিল না,” বলেছেন আরোসেমেনা।

“এ পরিস্থিতিতে তাদের পরাস্ত করার চেষ্টা করে অন্য ব্লকগুলো নিয়ন্ত্রণকারী অন্য দলগুলো, তারা সেখানে প্রবেশ করার পর ব্লকটি পুরোপুরি রণক্ষেত্র হয়ে যায়।”  

রাতভর চলা এ দাঙ্গার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসেছে। ভেতরে থাকা বন্দিরাই এসব পোস্ট করেছেন বলে ধারণা। এসব ভিডিওতে দেখা গেছে, বন্দিরা সহিংসতা থামানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন আর তাদের পেছনে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

তবে রয়টার্স এসব ভিডিওর সত্যাসত্য যাচাই করতে পারেনি। 

দক্ষিণ আমেরিকার এ দেশটির কারাগারগুলোতে প্রায় ৩৯ হাজার বন্দি আছে। এসব কারাগারে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। এর আগে ফেব্রুয়ারিতে একুয়েডরের আরেকটি কারাগারে দাঙ্গায় ৭৯ জন এবং জুলাইতে আরেকটিতে ২২ জন নিহত হয়েছিল।

সেপ্টেম্বরে পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরাল কারাগারে ভয়াবহ ওই দাঙ্গার পর দেশটির প্রেসিডেন্ট গিয়ারমো লাসো দেশজুড়ে কারাগারগুলোতে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছিলেন। তখন কারাগারগুলো সম্প্রসারণের জন্য তহবিল ছাড় এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সামরিক বাহিনীর সহায়তার অনুমতিও দেওয়া হয়েছিল।

জরুরি অবস্থা জারির পর থেকে পুলিশি অভিযানে পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরালসহ বিভিন্ন কারাগার থেকে বন্দুক, গ্রেনেড, ছুরি, যুদ্ধোপকরণ, মোবাইল ফোন ও মাদক উদ্ধার করা হয়।