২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে বাধ্যতামূলক টিকা ও লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

কোভিড-১৯ মহামারী প্রতিরোধে নিউ জিল্যান্ড সরকারের নেওয়া ব্যবস্থার প্রতিবাদে কয়েক হাজার লোক দেশটির পার্লামেন্টের কাছে জড়ো হয়ে বিক্ষোভ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 08:47 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

মঙ্গলবার এ বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশের মুখে মাস্ক ছিল না এবং তারা রাজধানী ওয়েলিংটনের কেন্দ্রস্থল থেকে মিছিল করে পার্লামেন্টের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়।

তারা বাধ্যতামূলক টিকা দেওয়ার নিয়ম ও লকডাউনের বিরোধিতা করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও পার্লামেন্টে নিরাপত্তা জোরদার করা হয়। নজিরবিহীন নিরাপত্তা পদক্ষেপ নিয়ে পার্লামেন্ট ভবনের দুটি প্রবেশ পথ বাদে সবগুলো বন্ধ করে দেওয়া হয়।

বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের অনেকের হাতে প্ল্যাকার্ড ছিল। সেগুলোতে ‘স্বাধীনতা’, ‘কিউইরা গবেষণাগারের ইঁদুর নয়’ ইত্যাদি বার্তা লেখা ছিল। করোনাভাইরাস টিকা বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার ও বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়ে শ্লোগান দেয় তারা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সমর্থন করা কিছু প্ল্যাকার্ডও ছিল সেখানে। সেগুলোর কোনো কোনোটিতে গণমাধ্যম ‘ভুয়া’ ও ‘মিথ্যা বলে’ এমনটিও লেখা ছিল।

পার্লামেন্টের বাইরে দাঁড়ানো এক বিক্ষোভকারী বলেন, “আমাকে বাধ্য করা যাবে না এবং আমার শরীরে নিতে চাই না এমন কিছু গ্রহণে আমাকে জোর করা যাবে না। সরকারের কাছে দাবি, আমাদের ২০১৮ সাল ফিরিয়ে দাও। সোজা বিষয়, আমি আমার স্বাধীনতা ফেরত চাই।”

চলতি বছর করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করতে হচ্ছে নিউ জিল্যান্ডকে। পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন লকডাউন জারি করে টিকা প্রদানের হার বাড়ানোর ওপর জোর দিয়েছেন।  

গত মাসে অর্ডার্ন বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে সবাইকে টিকা দিতে নিউ জিল্যান্ডের আরও শিক্ষক এবং স্বাস্থ্য ও প্রতিবন্ধী খাতে আরও কর্মী দরকার।

তার এই বক্তব্যের পর সমালোচনা আরও বেড়ে যায়। লোকজন টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার ও আরও স্বাধীনতা দেওয়ার আহ্বান জানায়। 

টিকা বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে আরেক প্রতিবাদকারী বলেন, “আমাদের সঙ্গে মানুষ মত আচরণ করুণ! স্বাধীনতার জন্য আমি এখানে এসেছি। সরকার যা করছে তা স্বাধীনতাবিরোধী।”

পার্লামেন্টের ভেতরে অর্ডার্ন সাংবাদিকদের বলেন, “আজ আমরা যাদের দেখলাম তারা নিউ জিল্যান্ডের বৃহত্তর অংশের প্রতিনিধিত্ব করছে না।”

তবে তিনি এমনটি বললেও খ্রিস্টীয় বড়দিনের আগে কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য তার ওপর চাপ ও জনবিক্ষোভ বাড়ছে বলে রয়টার্স জানিয়েছে।

বুধবার তার অকল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। এ দিন এই শহরটিতে প্রায় তিন মাস আগে আরোপ করা লকডাউন শিথিল হওয়ার কথা রয়েছে। তবে সেখানেও তিনি বিক্ষোভের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

নিউ জিল্যান্ড এখনও বিশ্বের সবচেয়ে কম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম। এ পর্যন্ত দেশটিতে আট হাজারেরও কম রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

মঙ্গলবার দেশটিতে ১২৫ জন নতুন রোগী শনাক্ত হয়। দেশটিতে দুই ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা প্রায় ৮০ শতাংশে পৌঁছে গেছে।