ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে মার্কিন রণতরীর আদলে নিশানা বানাল চীন
দেখতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজের মতো হলেও তা আসল নয়, কেবলই জাহাজের আদল। শিনজিয়াং প্রদেশের মরুভূমিতে এরকমই কাঠামো বানিয়েছে চীন।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিশানা হিসেবে ব্যবহারের জন্য চীন মার্কিন যুদ্ধজাহাজ আকৃতির এইসব কাঠামো বানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার স্যাটেলাইটে তোলা ছবিতে এগুলো দেখতে পাওয়া গেছে।
তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা এখন তুঙ্গে। এই সময়ে চীনের এমন পদক্ষেপ বিশেষত, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ের বিমানবাহী রণতরী ধ্বংসের সক্ষমতা অর্জনের চেষ্টারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, তাকলামাকান মরুভূমিতে একটি বিমানবাহী রণতরী এবং দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মডেল বানানো হয়েছে। ছবিতে আরও দেখা গেছে, ৬ মিটার চওড়া একটি রেল স্থাপনার ওপর জাহাজ আকৃতির একটি নিশানা বসানো রয়েছে।
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ‘নাভাল ইনস্টিটিউট’ বলছে, মরুভূমির ওই এলাকাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করে এসেছে চীন।
চীনের যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেখভাল করে ‘পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স (পিএলএআরএফ)। চীনের সামরিক বাহিনী নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বসাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুলাইয়ে প্রথম দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিএলএআরএফ।
ওই সময় ছয়টি ডিএফ-২১ জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্প্রাটলি দ্বীপপুঞ্জের উত্তরের সাগরে ছোড়া হয়। এই দ্বীপপুঞ্জ নিয়ে তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বিরোধ রয়েছে চীনের। এই বিরোধের কারণে তাইওয়ান কিংবা ফিলিপিন্স হামলার শিকার হলে যুক্তরাষ্ট্র তাদেরকে রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতিতে সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এ মাসে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চীন পারমাণবিক শক্তিতে দ্রুতই বলীয়ান হয়ে উঠছে। একবছর আগে যুক্তরাষ্ট্র যতটা ধারণা করেছিল, চীন তার চেয়েও বেশি দ্রুতগতিতে এগুচ্ছে। মধ্য শতাব্দীতেই চীন বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠতে পারে কিংবা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।
চীনের পিপলস লিবারেশন আর্মি ‘শক্তিশালী শত্রু’র (যা প্রচ্ছন্নভাবে যুক্তরাষ্ট্রকেই বোঝায়) বিরুদ্ধে লড়াই এবং জয়লাভের চিন্তাভাবনা নিয়েই নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে, বলা হয় প্রতিবেদনে।
