২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান ‘একা নয়, ইউরোপ পাশে আছে’

তাইওয়ানে আনুষ্ঠানিক সফরে যাওয়া ইউরোপিয়ান পার্লামেন্টের প্রথম প্রতিনিধি দল তাইপের ওপর বেইজিংয়ের ক্রমবর্ধমান চাপের মুখে স্বশাসিত দ্বীপটির সঙ্গে সম্পর্ক জোরদারে বলিষ্ঠ পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 05:32 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

কূটনীতিকভাবে প্রায় বিচ্ছিন্ন তাইওয়ান ‘একা নয়, ইউরোপ পাশে আছে’ বলে মন্তব্যও করেছে তারা।

ভ্যাটিকান সিটি ছাড়া ইউরোপের কোনো দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা তাইওয়ানও ইইউ’র সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গাঢ় করতে আগ্রহী বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এমন এক সময়ে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের এই সফর হচ্ছে যখন বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানের কাছে একের পর এক যুদ্ধবিমান পাঠিয়ে স্বশাসিত দ্বীপটির ওপর সামরিক চাপ বাড়িয়েই চলেছে।

চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, জোর করে দ্বীপটিকে দখলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা।

“আমরা এখানে এসেছি খুব সাধারণ, খুব স্পষ্ট বার্তা নিয়ে- আপনারা একা নন, ইউরোপ আপনাদের পাশে আ ছে,” ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে এমনটাই বলেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ফ্রেঞ্চ সদস্য রাফায়েল গ্লুকসমান।

তিনিই তাইওয়ানে যাওয়া প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন।

“আমাদের এ সফরকে প্রথম গুরু্ত্বপূর্ণ ধাপ বিবেচনা করা উচিত। শক্তিশালী ইইউ-তাইওয়ান অংশীদারিত্ব নির্মাণে এরপর আমাদের দরকার সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করা এবং একসঙ্গে উচ্চ-পর্যায়ের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া,” বলেছেন গ্লুকসমান।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ সংক্রান্ত ইউরোপিয়ান পার্লামেন্টের একটি কমিটি আয়োজিত এই তিনদিনের সফরে প্রতিনিধি দলের সদস্যরা ভুয়া তথ্যের বিস্তার ও সাইবার হামলার মতো হুমকিগুলো নিয়েও তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

“আমরা আশা করছি ভুয়া তথ্যের বিরুদ্ধে আমরা একটি গণতান্ত্রিক জোট বানাতে পারবো। আমরা বিশ্বাস করি তাইওয়ান ও ইইউ সব ক্ষেত্রেই অংশীদারিত্ব জোরদারে চেষ্টা চালিয়ে যাবে,” বলেছেন সাই।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ গতমাসে বিরল এক সফরে ইউরোপে গিয়েছিলেন। তার ওই সফর বেইজিংকে ক্রুদ্ধ করেছিল, যেসব দেশ উ-কে আতিথেয়তা দিয়েছে তাদের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হবে বলে হুঁশিয়ারও করেছে তারা।

বেইজিংয়ের পাল্টা পদক্ষেপের ভয়ে ইউরোপের বেশিরভাগ দেশই তাইওয়ানের ঊর্ধ্বতন মন্ত্রীদের আমন্ত্রণ জানাতে বা স্বশাসিত দ্বীপটিতে উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে আগ্রহ দেখায় না।

তবে তাইওয়ানের সঙ্গে সম্পর্কোন্নয়নে গত মাসে ইউরোপিয়ান পার্লামেন্টে সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক নয় এমন একটি প্রস্তাব গৃহীত হয়েছে, বিনিয়োগ চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখার পদক্ষেপও নেওয়া হয়েছে।