কাবুলে বেসামরিকদের ওপর মার্কিন ড্রোন হামলা ‘অপরাধ নয়, ভুল’
আফগানিস্তানের রাজধানী কাবুলে অগাস্টে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় ১০ বেসামরিক নিহত হয়েছিল, এই হামলা ‘অবহেলাজনিত অপরাধ’ ছিল না বলে দাবি করেছেন এক মার্কিন তদন্তকারী কর্মকর্তা।
হামলার কয়েক মিনিট আগে ঘটনাস্থলে একটি শিশুর উপস্থিতি লক্ষ্য না করাসহ বেশ কয়েকটি ‘ধারাবাহিক ভুলের কারণে’ এটি ঘটেছিল বলে বুধবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল সামি সায়িদ।
২৯ অগাস্টের ওই হামলায় সাতটি শিশুসহ ১০ বেসামরিক নিহত হয়েছিল, যাকে ‘শোচনীয় ভুল’ বলে অভিহিত করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এর আগে পেন্টাগন বলেছিল, ইসলামিক স্টেটের (আইএস) এক আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে যে আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহারের শেষ পর্যায়ে বিমানবন্দরে থাকা মার্কিন সৈন্যদের জন্য আসন্ন হুমকি ছিল।
কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে আইএসের এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার দুই দিন পর ওই ড্রোন হামলাটি চালানো হয়েছিল। বিমানবন্দরে বোমা হামলায় প্রায় ২০০ বেসামরিক আফগান ও ১৩ মার্কিন সৈন্য নিহত হয়েছিল। অগাস্টের মাঝমাঝি তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই সময় দেশটি ছেড়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সেনারা, পশ্চিমা দেশগুলোর নাগরিকরা ও তাদের সহায়তাকারী আফগানরা।
বার্তা সংস্থা রয়টাস জানায়, এক সংবাদ সম্মেলনে ওই ড্রোন হামলার তদন্তকারী কর্মকর্তা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মহাপরিদর্শক জেনারেল সায়িদ বলেন, “এটি একটি দুঃখজনক ভুল। একটি সরল ভুল।”
কর্ম সম্পাদনের ভুল, নির্দিষ্ট দৃষ্টিভঙ্গী সমর্থন করে তথ্যের এমন ব্যাখ্যা ও যোগাযোগ ভেঙে পড়ার কারণে হামলাটি ঘটে বলে দাবি করেন তিনি।
সায়িদ জানান, তিনি যখন ভিডিও ফুটেজ ও তথ্যগুলো পর্যালোচনা করে দেখছিলেন তখন ড্রোন হামলার ট্রিগার চাপার প্রায় দুই মিনিট আগে ঘটনাস্থলে একটি শিশু উপস্থিত ছিল বলে প্রমাণ পেয়েছেন।
কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর ভিডিওটি ভালোভাবে দেখার সময় তিনি শিশুটির উপস্থিতি খেয়াল করলেও ঘটনার সময় এটি চোখে না পড়া খুব সাধারণ একটি ব্যাপার ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
এই ড্রোন হামলার বিষয়ে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেননি সায়িদ।
এ বিষয়ে জবাবদিহিতামূলক কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে সিদ্ধান্তের ভার কমান্ডারদের ওপর ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ওই ড্রোন হামলায় নিহত আফগান বেসামরিকদের মধ্যে একজন মার্কিন ত্রাণ সংস্থা নিউট্রিশন এন্ড এডুকেশন ইন্টারন্যাশনালে চাকরি করতেন।
এই ত্রাণ সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্টিভেন কোওন এই তদন্তকে ‘গভীর হতাশাজনক ও অপর্যাপ্ত’ বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “মহাপরিদর্শকের তথ্য অনুযায়ী, সেখানে একটি ভুল হয়েছিল কিন্তু কেউ ভুল কিছু করেননি। আমি এটি ভেবে আশ্চর্য হচ্ছি যে, কীভাবে এটি সম্ভব?”
