জলবায়ু সম্মেলনে ঢুকতে পারলেন না হুইলচেয়ারে বসা মন্ত্রী
জলবায়ু সংকট থেকে বিশ্বকে বাঁচানোর লড়াইয়ে প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ২৬। কিন্তু সম্মেলনস্থলে পৌঁছেও সেখানে ঢুকতে পারেননি হুইলচেয়ারে বসা ইসরায়েলের এক নারী মন্ত্রী।
বিবিসি লিখেছে, সোমবার কারিন এলহারার নামের ওই মন্ত্রী জানান, তিনি সম্মেলনে অংশ নিতে পারেননি। কারণ, হুইলচেয়ার নিয়ে জলবায়ু সম্মেলনে প্রবেশের কোনও সুযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এলহারার বলেন, “এটি খুবই দুঃখের বিষয় যে, জাতিসংঘ তাদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে (হুইলচেয়ারে করে) প্রবেশের সুযোগ রাখে না।”
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করেছেন তারা।
ওই কর্মকর্তা আরও জানান, কারিন এলহারারকে সম্মেলনে ঢুকতে দেওয়া না হলে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নিজেও সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
যুক্তরাজ্যের পরিবেশ বিষয়ক মন্ত্রী জর্জ অস্টিস বলেছেন, ঘটনাটি “খুবই দুঃখজনক” এবং সরকার এজন্য এলহারারের কাছে ক্ষমাপ্রার্থী।
তবে জর্জ বিবিসি’র রেডিও ফোর টুডে প্রোগ্রামে ইসরায়েলের প্রতিনিধিদলকে দোষারোপও করেছেন এই বলে যে, “সাধারণত এ ধরনের পরিস্থিতিতে যা হওয়ার কথা তা হচ্ছে, ইসরায়েলের জানানো উচিত ছিল যে, তাদের একজন মন্ত্রীর জন্য এই বিশেষ সুবিধার প্রয়োজন আছে।”
“নিশ্চিতভাবেই ওই প্রবেশপথে কিছু একটা ভুল হয়েছে এবং তারা বিষয়টি জানা না থাকার কারণে ওই মন্ত্রীকে ঢুকতে দেওার ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে পারেনি।”
জর্জ আরও বলেন, “আমি জানি অন্যান্য বেশিরভাগ প্রবেশপথেই হুইলচেয়ার নিয়ে ঢোকা যায়। তিনি (এলহারারার) নিশ্চয়ই এমন কোনও প্রবেশপথে গিয়েছিলেন যেখান দিয়ে হুইলচেয়ার নিয়ে ঢোকা যায় না।”
ইসরায়েলি মন্ত্রী এলহারারের কার্যালয় ‘টাইমস অব ইসরায়েল’ পত্রিকাকে বলেছে, গ্লাসগোর সম্মেলনস্থলের বাইরে তিনি দুই ঘণ্টা অপেক্ষা করেছিলেন। তারপর তাকে বাধ্য হয়েই হোটেলে ফিরে যেতে হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের এক কর্মকর্তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই ঘটনা সম্পর্কে বলেছেন। এরপর জনসন মঙ্গলবার দুই প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এলহারারকে আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে সোমবার যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, এলহারার সম্মেলনে ঢুকতে না পারায় তিনি খুবই হতাশ।
এক টুইটে তিনি বলেন, “কপ সম্মেলনস্থলে সবারই প্রবেশের সুযোগ আছে। আমি বিষটি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তার (এলহারার) সঙ্গে মঙ্গলবার সাক্ষাতের অপেক্ষায় আছি।”
