স্পেনে ষাঁড় দৌড় প্রতিযোগিতায় একজনের মৃত্যু
স্পেনে ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় গুঁতা খেয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোভিড–১৯ বিধিনিষেধ শিথিল হওয়ার পর দেশটিতে শুরু হওয়া ষাঁড়ের দৌড়ে এমন দুর্ঘটনা এটিই প্রথম।
পূর্ব স্পেনের ওনডা শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার শহর কর্তৃপক্ষ জানায়, ষাঁড়ের বারংবার আক্রমণে ওই ব্যক্তি নিহত হন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
প্রতিযোগিতায় ষাঁড়ের সামনে কিছু মানুষ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। মারা যাওয়া ব্যক্তি ছিলেন তাদেরই একজন। তিনি ষাঁড়ের গুঁতায় পড়ে যাওয়ার পর অন্য অংশগ্রহণকারীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাতে ফল হয়নি।
গুরুতর আহত ওই ব্যক্তিকে কাছেরই একটি শহরের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাথায় এবং বাম পায়ে আঘাত পেয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান বলে জানিয়েছেন জরুরি সেবা কর্মকর্তারা।
এ ঘটনার পর শনিবার ষাঁড় দৌড়ের বাকি আয়োজন স্থগিত করে শহর কর্তৃপক্ষ। স্পেনে ষাঁড়ের দৌড় জনপ্রিয় উৎসব। এই খেলায় শহরের রাস্তায় ষাঁড় ছেড়ে দেওয়া হয়। এরপর তাদের সামনে দৌড়াতে থাকেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। বিপজ্জনক এই দৌড়ে অনেক সময় নানা দুর্ঘটনা ঘটে।
ফলে সম্প্রতি অনেকেই এ উৎসব বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। গত বছর জরিপকারী প্রতিষ্ঠান ইলেক্টোম্যানিয়ার চালানো জরিপে দেখা গেছে, স্পেনের ৪৬.৭% মানুষ ষাঁড়ের দৌড় বা ষাঁড় লড়াই নিষিদ্ধ করার পক্ষে। আর ৩৪.৭% মানুষ নিষেধাজ্ঞার পক্ষে নন।
অন্যদিকে, স্পেনের ১৮.৬% মানুষ মনে করেন, ঐতিহ্যবাহী এ উৎসব চালু রাখা দরকার।
