২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানি এলিজাবেথকে আরও ২ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ

রানি এলিজাবেথকে চিকিৎসকরা আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকতে এবং এই সময়ের মধ্যে আনুষ্ঠানিক কোনো সফরে না যেতে পরামর্শ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 03:03 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

তবে ৯৫ বছর বয়সী এলিজাবেথ এই সময়ে হালকা কাজকর্ম করতে পারবেন।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে আগামী ১৪ নভেম্বর বিশ্বযুদ্ধ ও অন্যান্য সংঘাত-সংঘর্ষে ব্রিটিশ সামরিক বাহিনী ও বেসামরিক নারী-পুরুষের ত্যাগ ও অবদান স্মরণে পালিত হতে যাওয়া রিমেম্ব্রান্স সানডের অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে রানি ‘দৃঢ় আগ্রহী’ বলেও জানানো হয়েছে।

এলিজাবেথকে গত ২০ অক্টোবর নর্দার্ন আয়ারল্যান্ডে সফর বাতিল করে প্রাথমিক কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছিল। অবশ্য একরাত কাটিয়েই তিনি প্রাসাদে ফেরেন এবং হালকা কাজকর্ম শুরু করেন। 

মঙ্গলবার উইন্ডসর প্রাসাদ থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একাধিক রাষ্ট্রদূতকে দেখাও দিয়েছেন।

একরাত হাসপাতালে কাটিয়ে প্রাসাদে ফিরলেন রানি এলিজাবেথ  

রানি রোববার থেকে শুরু হতে যাওয়া কপ ২৬ সম্মেলনে যাচ্ছেন না বলে আগেই জানানো হয়েছিল; সশরীরে উপস্থিত হওয়ার বদলে তার বক্তব্য রেকর্ড করে তা সম্মেলনে শোনানো হবে।

তার বক্তব্যটি শুক্রবার স্থানীয় সময় বিকালেই রেকর্ড হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

“চিকিৎসকরা এই সময়ে (পরবর্তী দুই সপ্তাহ) রানিকে ভার্চুয়ালি দেখাসাক্ষাৎসহ হালকা, ডেস্কভিত্তিক কাজকর্ম করার পরামর্শ দিয়েছেন, সফরে যেতে নিরুৎসাহিত করেছেন।

“এর অর্থ হচ্ছে তিনি আগামী ১৩ নভেম্বর শনিবার হতে যাওয়া ফেস্টিভাল অব রিমেম্ব্রান্সে যোগ দিতে পারছেন না, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন,” বলা হয়েছে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে।

নানান অনুষ্ঠান থাকায় প্রতিবছরই অক্টোবর মাসে রানিকে ব্যস্ত সময় পার করতে হয়; সম্প্রতি ওয়েস্টমিনস্টার অ্যাবের এক অনুষ্ঠানে রানিকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে। আগে কখনোই বড় কোনো অনুষ্ঠানে রানিকে এভাবে দেখা যায়নি।