গ্রিড বন্ধ, অন্ধকারে লেবানন
বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লেবানন, এতে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দেশটি অন্ধকারে নিমজ্জিত হয়েছে।
লেবাননের সরকারি এক কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে দেশটির বৃহত্তম দুই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেইর আম্মার ও জাহরানি বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ গ্রিড ‘আজ দুপুরে কাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছে’ আর সম্ভবত আগামী কয়েকদিনেও ফের চালু হবে না বলে জানিয়েছেন তারা।
লেবানন গত ১৮ মাস ধরে মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে আর জ্বালানি ঘাটতিতে তা আরও ঘনীভূত হয়েছে। এই সংকট দেশটির অর্ধেক জনগোষ্ঠীকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে, মুদ্রার মানের ব্যাপক পতন হয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির রাজনীতিকদের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।
জাহরানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তাপবিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি। দেইর আম্মার প্ল্যান্ট শুক্রবার বন্ধ হয়ে যায়।
বিবৃতিতে বলা হয়েছে, “এই দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় বিদ্যুৎ নেটওয়ার্কের স্থিতিশীলতায় সরাসরি প্রভাব পড়েছে আর তাতে এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এর মধ্যে কার্যক্রম ফের শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।”
ওই কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ প্ল্যান্টগুলো অস্থায়ীভাবে চালানোর জন্য সেনাবাহিনীর জ্বালানি তেলের রিজার্ভ ব্যবহার করার চেষ্টা করবে, তবে এটি খুব তাড়াতাড়িই হচ্ছে না।
অনেক লেবাননিজ বিদ্যুতের জন্য ডিজেলচালিত ব্যক্তিগত জেনারেটর ব্যবহার করেন, কিন্তু এসব জেনারেটরের সরবরাহ ক্ষমতা সীমিত।
লেবাননের অর্থনীতি আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। কিন্তু বৈদেশিক মুদ্রার অভাবের কারণে বিদেশি জ্বালানি সরবরাহকারীদের অর্থ প্রদান কঠিন হয়ে পড়েছে। এতে আমদানি হ্রাস পেয়ে সংকট আরও গভীর হয়েছে।
২০১৯ সাল থেকে লেবাননি মুদ্রার মান ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।
