সমন পেয়েও উপেক্ষা, লাপাত্তা লখিমপুরে কৃষক হত্যায় অভিযুক্ত মন্ত্রীপুত্র
ভারতে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর। জিজ্ঞাসাবাদের জন্য যোগী সরকারের পুলিশ আশিসকে সমন পাঠালেও তাতে হাজির হননি তিনি।
এমনকী তার হদিসও মিলছে না। গ্রেপ্তার এড়াতে আশিস নেপালে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।
শুক্রবার সকাল ১০টায় লখিমপুর খেরির রিজার্ভ পুলিশ লাইনের কাছে ক্রাইম ব্রাঞ্চ অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি সেখানে পৌঁছাননি।
ইতোমধ্যেই তার হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের ধারণা, নেপালে গা ঢাকা দিয়েছেন আশিস। তার মোবাইলের টাওয়ার লোকেশন দেখে সে ধারণাই করছেন তদন্তকারীরা।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ আসিশ মিশ্রর মোবাইল ফোন ট্র্যাক করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত এলাকার কাছে তার অবস্থান শনাক্ত করতে পেরেছিল। তিনি প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছেন বলেই ধারণা পুলিশের। যদিও আশিসের পরিবার বলছে, তিনি লখিমপুরেই আছেন।
গত রোববার লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালে মন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ি ঢুকে পড়লে মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদকারীরা, চলে গণপিটুনিও। সেই সহিংসতার মধ্যে পড়ে নিহত হন আরও ৪ জন।
কৃষকরা বলছেন, গাড়িটি চালাচ্ছিলেন প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। তবে গাড়িচাপার ঘটনার সময় ছেলে আশিস ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন অজয় মিশ্র। যে গাড়িটি বিক্ষোভকারীদের চাপা দিয়েছে সেটি তাাদেরই মালিকানাধীন বলে স্বীকার করলেও ঘটনার সময় ছেলে আশিস গাড়িতে ছিলেন না বলেই জানিয়েছেন অজয়।
কিন্তু অজয় অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিও দেখে গাড়িচাপার ঘটনায় তার ছেলেরই জড়িত থাকার আলামত মিলছে। গাড়িচাপায় কৃষক হত্যার ঘটনা নিয়ে এরপর সরগরম হয়ে ওঠে ভারতের রাজনীতি।
নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনার দিন রাতেই লখিমপুর খেরিতে রওনা দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। ৩০ ঘণ্টা আটক রাখার পর প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়। আটকানো হয় অখিলেশ যাদবকেও। তা নিয়ে শুরু হয় তোলপাড়।
নানা প্রতিকূলতা পেরিয়ে বুধবার নিহত কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা দেখা করেন। কংগ্রেসের এই প্রতিনিধিদলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাড়াও ছিলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং দীপেন্দর সিং হুডা।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, লখিমপুর খেরি মামলায় ন্যায়বিচার ততক্ষণ সম্ভব নয়, যদি না অজয় মিশ্র তার পদ থেকে ইস্তফা দেন। এমনকী প্রকাশ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে গ্রেপ্তারের দাবি করেন কংগ্রেস নেত্রী।
কেবল কংগ্রেসই নয়, স্থানীয় মানুষ থেকে বিরোধীরা সবাই আশিসকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তি দেওয়ার দাবি করছেন। চাপে পড়ে উত্তর প্রদেশের যোগী সরকার তদন্ত কমিটি গড়ে শুরু করেছে তদন্ত। ৯ সদস্যের একটি টিম গড়া হয়েছে পুলিশের পক্ষে।
তারপরই সমন পাঠানো হয় আশিসকে। আর সে সমনই শুক্রবার উপেক্ষা করেন আশিস। এরপর তার বাড়িতে গিয়ে হাজিরার নির্দেশ দিয়ে নোটিসও ঝোলানো হয়। কিন্তু হাজিরা এড়ানোয় ফের আশিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।
