২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মার্কিন আইনপ্রণেতাদের তোপে ফেইসবুক, অভিযোগের তদন্ত দাবি

সাবেক কর্মীর কাছ থেকে বিস্ফোরক অভিযোগের ধাক্কার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছ থেকে আরেক দফা তুলোধুনো হয়েছে ফেইসবুক। সাবেক ফেইসবুক কর্মী ফান্সেস হাউগেন তথ্য ফাঁস করে যেসব অভিযোগ করেছেন তার তদন্তও দাবি করেছেন মার্কিন আইনপ্রণেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Oct 2021, 12:31 AM

Updated : 10 Oct 2022, 06:18 PM

ব্যবহারকারীদের নিরাপত্তা নয় বরং মুনাফাকে প্রাধান্য দেওয়ার জন্য ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। ফেইসবুক শিশুদের ক্ষতি করছে এবং বিভেদ উস্কে দিচ্ছে বলে হাউগেনের করা অভিযোগ কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্ত করে দেখা উচিত, বলছেন আইনপ্রণেতারা।

ফেইসবুক এবং এর প্রধান দুই সেবা ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে বড় ধরনের বিভ্রাটের পরদিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের শুনানিতে সাক্ষ্য দিতে হাজির হন ফ্রান্সেস হাউগেন।

সেখানে তিনি বলেন, ফেইসবুকে কেন গোলযোগ হয়েছিল তা তিনি জানেন না। তবে এটুকু বলতে পারেন যে, ৫ ঘণ্টার কিছু বেশি সময়ের জন্য কেবল ফেইসবুক বিভেদ বাড়ানো, গণতন্ত্রকে অস্থিতিশীল করা এবং তরুণীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কাজে ব্যবহার হয়নি।

হাউগেন আরও বলেন, “আজ আমি এখানে। কারণ, আমি বিশ্বাস করি ফেইসবুক শিশুদের ক্ষতি করছে, বিভেদ উস্কে দিচ্ছে এবং আমাদের গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।” মার্কিন আইনপ্রণেতাদেরকে কোম্পানিটি পরিচালনার আর্জি জানান হাউগেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দুই দলেরই একসঙ্গে কোনও বিষয়ে সরব হওয়া যখন বিরল ব্যাপার, ঠিক তখনই ফেইসবুক নিয়ে কংগ্রেসের শুনানিতে তীব্র সমালোচনা করতে দেখা গেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দু’পক্ষকে। এতে ফেইসবুক নিয়ে কংগ্রেসে তীব্র ক্ষোভ সঞ্চার হওয়ার বিষয়টিই সামনে এসেছে।

সেনেট কমার্স সাবকমিটির চেয়ারম্যান ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল শুনানির উদ্বোধনী বক্তব্যে বলেছেন, “ফেইসবুক জানত যে, তাদের প্রোডাক্টে সিগারেটের মত আসক্তি হতে পারে। এই প্রযুক্তি কোম্পানি এখন বিস্ময়করভাবে বড় ধরনের সত্যের মুখোমুখি হয়েছে।”

তিনি বলেন, “অনেকের মধ্যে আমাদের শিশুরা ফেইসবুকের ক্ষতির শিকার হচ্ছে। কিশোরীরা আজ আয়নায় নিজেদের দেখে সংশয়ে ভোগে, অনিরাপত্তা বোধ করে। মার্ক জাকারবার্গের উচিত নিজের চেহারাটা আয়নায় দেখা।”

ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গকেও কংগ্রেসে কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার দাবি জানান রিচার্ড। সেইসঙ্গে স্যোশাল এই মিডিয়া কোম্পানির বিরুদ্ধে তদন্ত করার জন্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং ফেডারেল ট্রেড কমিশনকে আহ্বানও জানিয়েছেন তিনি।

কংগ্রেস কমার্স সাবকমিটির শীর্ষ রিপাবলিকান মার্শা ব্ল্যকবার্ন বলেছেন, “ফেইসবুক তাদের সাইটে ১৩ বছরের নীচের শিশুদের দেখেও না দেখার ভান করেছে। আর তাতেই এটা পরিষ্কার যে, তারা শিশু এবং অন্য সব ব্যবহারকারীদের কল্যাণের দিকটির চেয়ে মুনাফা করাকেই বেশি প্রাধান্য দেয়।”

ফেইসবুকে যুক্তরাষ্ট্রের শিশুদের আসক্ত হয়ে পড়ার বিষয়টির সঙ্গে একমত প্রকাশ করেছেন আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকারও। ওদিকে, আলাস্কার রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান বলেছেন, “স্যোশাল মিডিয়া একটি প্রজন্মের যে ক্ষতি করেছে সেটি স্বীকার করে নিলে আমাদের সবারই মনে হবে যে, কি সব ছাইপাশ আমরা চিন্তা করছি।”

অন্যদিকে, ম্যাসাচুসেটস এর ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড মার্কি বলেছেন, “আমাদের প্রাইভেসিতে ফেইসবুকের হস্তক্ষেপ করা এবং শিশুদের শিকার বানানোর সময় শেষ। কংগ্রেস এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

আইনপ্রণেতাদের কেউ ফেইসবুকের ৯৯ শতাংশ সহিংস কন্টেন্ট তদারক না করেই রেখে দেওয়া নিয়ে সমালোচনা করেছেন। আবার কেউ কিছু বিষয়ে ফেইসবুকের গবেষণা নিয়েও কটাক্ষ করে বলেছেন, ফেইসবুক অভ্যন্তরীনভাবে গবেষণা করেছে। সুতরাং, তারা জানত যে তারা কি করছে। কোথায় কোথায় নিয়ম লঙ্ঘন হয়েছে তারা জানত। তারা জানত যে, তাদের দোষ আছে।

ফেইসবুক এবং এর নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গকে নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের এমন সমালোচনার ঝড়ের মুখে কোম্পানিটির মুখপাত্ররা টুইটারে পাল্টা বক্তব্য দিয়েছেন এবং যুক্তি দেখিয়ে বলেছেন, হাউগেনকে যেসব বিষয়ে প্রশ্ন করা হচ্ছে সেগুলোর সবক্ষেত্রে তিনি সরাসরি কাজ করেননি।

৩৭ বছর বয়সী সাবেক ফেইসবুক কর্মী ফ্রান্সেস হাউগেন মার্কিন সেনেটে সাক্ষ্য দেওয়ার একদিন আগেই মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস-কে সাক্ষাৎকার দেন। ফেইসবুকের ব্যবসায়িক কর্মকাণ্ড আর মেনে নিতে না পেরে চলতি বছরেই প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দিয়েছেন বলে সাক্ষাৎকারে জানান তিনি। তবে, চাকরি ছাড়ার আগে কপি করে নিয়েছিলেন ফেইসবুকের বেশ কিছু অভ্যন্তরীণ নথিপত্র।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে ফেইসবুকের অভ্যন্তরীন নথিপত্র হাউগেনই সরবরাহ করেন বলে জানায় বিবিসি। ওই নথিগুলোর উপর ভিত্তি করেই একের পর এক প্রতিবেদন প্রকাশ করা শুরু করে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনগুলোতে সেবাগ্রাহকদের প্রতি ফেইসবুকের আন্তরিকতার অভাব, নীতিমালার ব্যত্যয়, প্রতিশ্রুতি আর বাস্তবিক কর্মকাণ্ডের অসামঞ্জস্যসহ বিভিন্ন বিষয় উঠে আসায় কঠোর সমালোচনার মুখে পড়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত সামাজিক মাধ্যমটি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফেইসবুক অবশ্য দাবি করেছে, ভুলভাবে উপস্থাপিত হয়েছে তাদের গবেষণার ফলাফল, গুরুত্ব পায়নি ইনস্টাগ্রামের ইতিবাচক প্রভাবের বিষয়টি। সম্প্রতি সেনেটে সাক্ষ্য দেওয়ার সময়েও একই বক্তব্য দেন ফেইসবুকের নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক প্রধান অ্যান্টিগন ডেভিস।