২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেট কেটে বের করা হল কিলোগ্রামেরও বেশি পেরেক স্ক্রু ছুরি

লিথুনিয়ার এক ব্যক্তির পেট থেকে চিকিৎসকরা এক কিলোগ্রামেরও বেশি পেরেক, স্ক্রু, নাট ও ছুরি বের করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2021, 09:46 PM

Updated : 25 Jul 2022, 05:24 PM

চিকিৎসকরা জানিয়েছেন, অ্যালকোহল ছাড়ার পর থেকে তিনি এক মাস ধরে বিভিন্ন ধাতব বস্তু গলাধঃকরণ করছিলেন।

ক্লাইপেদা বিশ্ববিদ্যালয় হাসপাতালে (কেইউএইচ) করা অস্ত্রোপচারের সময় ওই ব্যক্তির পেট থেকে কিছু বস্তু বের করা হয় যেগুলো ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) লম্বা ছিল বলে জানিয়েছে লিথুনিয়ার রাষ্ট্রায়ত্ত এলআরটি সম্প্রচার মাধ্যম।

একে ‘অনন্য ঘটনা’ বলে উল্লেখ করেছেন সার্জন সারুনাস ডায়ালিডেনাস।

নিজেদের প্রতিবেদনে এলআরটি কেইউএইচের একটি ছবি প্রকাশ করেছে, সেখানে একটি সার্জিক্যাল ট্রে ভর্তি ধাতব বস্তু দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। তিন ঘণ্টা ধরে জরুরি অস্ত্রোপচার চালিয়ে পেট থেকে এসব ধাতব বস্তু অপসারণ করা হয়।

সাংঘাতিক পেট ব্যথাসহ ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে বাল্টিক সাগর উপকূলের ওই হাসপাতালটিতে নেওয়া হয়েছিল। তার অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানা গেছে। কেইউএইচের অধীনে পর্যবেক্ষণে আছেন তিনি।