২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি সই, দূতাবাস খুলতে বাহরাইনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

গত বছর আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর সর্বোচ্চ কর্মকর্তা পর্যায়ের সফরে বাহরাইনে পৌঁছেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Sep 2021, 09:00 PM

Updated : 07 Apr 2022, 11:41 PM

বৃহস্পতিবার বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে লাপিদের বিমান।

বিমানটির সামনের অংশে আঁকা রয়েছে জলপাই শাখা আর জানালায় পাশাপাশি রাখা থাকতে দেখা গেছে ইসরায়েল এবং বাহরাইনের পতাকা।

সফরকালে মানামায় ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করাসহ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন লাপিদ। সই করবেন বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তিও।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে শান্তি চুক্তি করে বাহরাইনসহ প্রতিবেশী উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তিকে বলা হয় আব্রাহাম চুক্তি।

ব্যবসায়িক স্বার্থ এবং ইরানকে নিয়ে উদ্বেগের কারণে দেশগুলো ইসরায়েলের সঙ্গে হাত মেলায়। এই ধারা অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সুদান এবং মরোক্কোও।

ইসরায়েলের মুখপাত্র বলেন, “আমরা দ্বিপক্ষীয় পর্যায়ে বাহরাইনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবেই দেখি। তবে এ অঞ্চলে অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে বাহরাইনকে সেতু বলেও মনে করি।”

ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তিচুক্তি নিয়ে ফিলিস্তিনিরা যারপরনাই নাখোশ। তারা আব্রাহাম চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসাবেই দেখে। তাছাড়া, বাহরাইনের বিরোধী নেতারাও এই চুক্তি নিয়ে সমালোচনা করে আসছেন।

২০১১ সালে শিয়া মুসলিম বিদ্রোহ দমন করা দেশ বাহরাইন আব্রাহাম চুক্তি সই করার পর থেকে মাঝে মধ্যেই বিক্ষোভ দেখছে। বৃহস্পতিবারও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিবাদ জানাতে দেখা গেছে বাহরাইনের কিছু মানুষকে। বিক্ষুব্ধ লোকজনকে টায়ার পোড়াতে দেখা গেছে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী লাপিদের সফরের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে বাহরাইন সরকার। লাপিদ বলেছেন, সফরকালে বিভিন্ন হাসপাতাল এবং পানি ও বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা চুক্তিসহ ৫ টি সমঝোতা স্মারক সই করা হবে।

ওদিকে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “বাহরাইন অর্থনীতি এবং প্রযুক্তির কয়েকটি প্রধান খাতে সহযোগিতা চায়। এইসবক্ষেত্রে সহযোগিতা চুক্তিসহ কিছু সমঝোতা স্মারকও বৃহস্পতিবার সই করা হবে।”

এর আগেও পরিবহন, কৃষি, যোগাযোগ এবং আর্থিক খাতসহ নানা খাতে ইসরায়েলের সঙ্গে ১২ টি সমঝোতা স্মারক বাহরাইন সই করেছিল বলে জানান মুখপাত্র।