২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ হাজার কক্ষের কোয়ারেন্টিন সেন্টার বানালো চীন

কোভিড-১৯ কে দূরে রাখতে চীন যতদূর পা ফেলেছে ততটা এগুতে চাইবে খুব কম দেশই। বিশ্বের বিভিন্ন দেশ এখন করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করেছে, খুলে দিয়েছে সীমান্ত। আর এই সময়েই চীন তাদের কোভিড-শূন্য নীতিতে দ্বিগুণ গতি সঞ্চার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2021, 10:35 PM

Updated : 07 Apr 2022, 11:41 PM

এরই সর্বসাম্প্রতিক উদাহরণ হচ্ছে, বিদেশ থেকে আগতদেরকে রাখার জন্য ২৬ কোটি ডলার ব্যয়ে চীনের নির্মাণ করা পাঁচ হাজার কক্ষের কোয়ারেন্টিন সেন্টার। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু বন্দরনগরীতে আগামী কয়েকদিনের মধ্যেই এই কেন্দ্র চালু করা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন।

সারিবদ্ধভাবে নির্মাণ করা হয়েছে বেশকিছু তিন-তলা কোয়ারেন্টিন ভবন। ভবনগুলোর ছাদ করা হয়েছে ঐতিহ্যবাহী চীনা স্টাইলে। বিশালাকার এই কমপ্লেক্সের আয়তন প্রায় ৪৬টি ফুটবল মাঠের সমান। ভবনগুলো নির্মাণে সময় লেগেছে তিন মাসেরও কম।

বিদেশ থেকে চীনে যাওয়া চীনা নাগরিক এবং বিদেশিদেরকে এতদিন গুয়াংঝু শহরের নির্ধারিত কিছু হোটেলে কোারেন্টিনে রাখা হত। এখন হোটেলের বদলে তাদেরকে এই কোয়ারেন্টিন সেন্টারে রাখা হবে। এ পদক্ষেপের মধ্য দিয়ে অধিবাসীদের মধ্যে বিদেশ থেকে আগতদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চাইছে চীন।

বিমানবন্দর থেকে সরাসরি বাসে করে ভ্রমণকারীদের কোয়ারেন্টিন সেন্টারে নেওয়া হবে। সেখানকার কক্ষগুলোতে অন্তত দুই সপ্তাহ তাদেরকে থাকতে হবে। প্রত্যেক কক্ষে একটি করে ভিডিও চ্যাট ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত থার্মোমিটার রাখা হয়েছে।

এছাড়া, অভ্যাগতদের তিন বেলার খাবার সরবরাহ করবে রোবট। স্টাফদের সঙ্গে সরাসরি যাতে দেখা না হয়, তার সব ব্যবস্থাই করা হয়েছে এই সেন্টারে। কোয়ারেন্টিন সেন্টারটির নাম দেওয়া হয়েছে, ‘গুয়াংঝু ইন্টারন্যাশনাল হেলথ স্টেশন’। চীনে এ ধরনের সেন্টার এটাই প্রথম।