বেলারুশ সীমান্তে জরুরি অবস্থা জারি পোল্যান্ডের
বেলারুশ সীমান্তবর্তী দুই অঞ্চলের অংশে জরুরি অবস্থা জারি করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট।
৩০ দিনের জন্য সীমান্ত বরাবর পোল্যান্ডের ভেতর দিকে তিন কিলোমিটার পর্যন্ত এলাকায় এ জরুরি অবস্থা বজায় থাকবে এবং এ সময় এখান দিয়ে লোক চলাচল এবং গণসমাবেশ নিষিদ্ধ থাকবে বলে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন।
পোল্যান্ডের কমিউনিস্ট ইতিহাসের পরবর্তী সময়ে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ এবং অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধির পর এ সিদ্ধান্ত এল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বেলারুশের ওপর আরোপ করা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টির ছক কষে নকশা করা ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে ইরাক ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে আসা শরণার্থীদের ব্যবহার করছেন বলে অভিযোগ করেছে ইইউ।
পোল্যান্ড কাঁটাতার বসিয়ে ও সেনা মোতায়েন করে সীমান্ত বরাবার নিরাপত্তা জোরদার করতে চাইছে।
দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র বুয়াজেই স্পিখালস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, “বেলারুশ সীমান্তের পরিস্থিতি কঠিন ও বিপজ্জনক। নিজেদের সীমান্তের দায়িত্ব যেহেতু আমাদের এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্তেরও, আজ পোল্যান্ডের হয়ে আমাদের পোল্যান্ড ও ইইউয়ের নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।”
বুধবার পোল্যান্ডের বর্ডার গার্ড জানিয়েছে, শুধু অগাস্টেই প্রায় তিন হাজার ৫০০ বার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা চালানো হয় যার মধ্যে আড়াই হাজারটি প্রচেষ্টা তারা প্রতিহত করতে পেরেছে।
পোল্যান্ডের সরকার বলেছে, ১০ সেপ্টেম্বর থেকে পোল্যান্ডের কাছে বেলারুশ ও রাশিয়ার ভূখণ্ডে রুশ সেনাবাহিনীর আয়োজিত সামরিক মহড়া শুরু হবে তখন ‘উস্কানির’ ঘটনা ঘটতে পারে এবং এর জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।
‘ওয়েস্ট-২০২১’ নামের এই সামরিক মহড়ায় মস্কোর নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের অংশীদার কাজাখস্তানসহ কয়েক হাজার সেনা, ট্যাংক, কামান ও যুদ্ধবিমানও অংশ নেবে।
এ বিষয়ে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউশ কামিস্কি বলেন, “ওই এলাকায় জরুরি অবস্থা জারির দ্বিতীয় কারণ এই সামরিক মহড়া। এটি আমাদের সীমান্তেই হবে। প্রত্যেক দৃশ্যের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”
অভিবাসীদের বিষয়ে পোল্যান্ড সরকারের গৃহীত এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এনজিওগুলো। সীমান্তে আটকা পড়া অভিবাসীদের জন্য ওয়ারশকে অবশ্যই আরও মানবিক ত্রাণ পাঠাতে হবে বলে দাবি জানিয়েছে তারা।
এই অভিবাসীদের দায়দায়িত্ব বেলারুশের, এমনটি জানিয়ে তাদের জন্য পাঠানো ত্রাণের একটি বহর দেশটি প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ পোল্যান্ডের।
