কাবুল বিমানবন্দরে আরও আইএস হামলার আশঙ্কায় সতর্ক যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জনের প্রাণহানির পর শুক্রবার সেখানে আরও এমন হামলা হওয়ার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি বোমা বিস্ফোরণ হয়। তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য আফগানের দেশ ছাড়ার তোড়জোড়ের মধ্যে এ প্রাণঘাতী হামলা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
দুই হামলার ক্ষেত্রেই আত্মঘাতী বোমা হামলাকারী বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে কিনা বা একটি হামলায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। তাছাড়া, হামলায় আইএস এর বন্দুকধারীরা জড়িত ছিল নাকি বিস্ফোরণের পর মানুষের হট্টগোল নিয়ন্ত্রণে আনতে তালেবান রক্ষীরা ফাঁকা গুলি ছুড়েছে তাও স্পষ্ট না।
এরকম কিছু যে ঘটতে পারে, সেই শঙ্কাতেই ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর বাইডেন বলেছেন, “যারা এই হামলা করেছে, এবং যারা আমেরিকার ক্ষতি করতে চায়, জেনে রেখো: আমরা ক্ষমা করব না।”
যুক্তরাষ্ট্রের আর্মি ব্যাটেলিয়নের সাবেক কমান্ডার কর্নেল কোল জ্যাসন কাবুল বিমানবন্দরে এরকম আরও হামলা হতে পারে বলে বৃহস্পতিবারেই সতর্ক করেছেন।
এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি বলেছেন, আইএস হয়ত রকেট বা গাড়িবোমা নিয়ে বিমানবন্দরে আরও হামলা চালাতে পারে। সেই দিকে নজর রাখছেন মার্কিন কমান্ডাররা।
তিনি বলেন, “আমরা প্রস্তুত থাকতে যা করা দরকার তার সবকিছুই করছি।” ম্যাকেনজি জানান, তালেবানের সঙ্গে কিছু গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা হচ্ছে এবং তারা কিছু হামলা ঠেকাচ্ছে বলে তিনি মনে করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরে হামলার দায় স্বীকার করা আইএসআইএস-কে এর ওপর কিভাবে হামলা করা যায় তার পরিকল্পনা করার জন্য প্রতিরক্ষাদপ্তর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন তিনি।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস স্কাই নিউজকে বলেছেন, কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে হামলার হুমকি আরও বাড়বে। কারণ, আইএস এর মতো কিছু জঙ্গি গোষ্ঠী এই কৃতিত্বটা নিতে চাইবে যে, তারা যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রকে তাড়িয়ে দিয়েছে।
আইএস এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃঢ়সংকল্প নিয়েছেন বেন ওয়ালেসও।
পশ্চিমা কিছু দেশের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে আফগানিস্তানে তালেবান শাসন উৎখাত হওয়ার আগে এই গোষ্ঠী যেমন আল-কায়দাকে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল এবার ক্ষমতায় এসে তালেবান ফের দেশটিকে জঙ্গিদের স্বর্গভূমি করে তুলবে। যদিও তালেবান এবার বলছে, তারা সন্ত্রাসীদেরকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না।
