হামলার হুমকি বাড়ছে, কাবুল থেকে সরতে যুক্তরাষ্ট্রের তাড়াহুড়া
কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলা হতে পারে এই আশঙ্কায় যত দ্রুত সম্ভব আফগানিস্তান থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার হোয়াইট হাউসে করা এক মন্তব্যে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জঙ্গি হামলার হুমকির উদ্বেগ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র চূড়ান্ত সময়সীমার মধ্যে প্রত্যাহার সম্পূর্ণ করার জন্য পাল্লা দিয়ে কাজ করছে।
“আমরা যত দ্রুত শেষ করতে পারবো ততই ভালো হবে। অভিযানের প্রতিটি দিন আমাদের সেনাদের জন্য বাড়তি ঝুঁকি নিয়ে আসে,” বলেছেন তিনি।
আফগানিস্তান থেকে ৩১ অগাস্টের মধ্যে প্রত্যাহার সম্পূর্ণ করার গতিতেই যুক্তরাষ্ট্র কাজ করছে, এমনটি জানালেও এই লক্ষ্যে পৌঁছানো দেশটির নতুন তালেবান শাসকদের সহযোগিতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বাইডেন; এর মাধ্যমে তিনি প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বাড়ানোর একটি সুযোগ খোলা রাখলেন বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।
সময়সীমার ওই লক্ষ্যে পৌঁছতে তালেবানের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রক্ষা করা গুরুত্বপূর্ণ কিন্তু সময় চলে যেতে থাকায় ‘অনিশ্চিত এই সময়ে তা ভেঙে পড়ার গুরুতর ঝুঁকিতে আছে’ বলেও মন্তব্য করেছেন বাইডেন।
যদি প্রয়োজন দেখা দেয় তাহলে সম্ভাব্য পরিস্থিতিতে চূড়ান্ত সময়সীমা অতিক্রম করার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করে রাখতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের বাহিনীগুলো ১৪ অগাস্ট থেকে এ পর্যন্ত কাবুল থেকে ৭০ হাজার ৭০০ লোককে সরিয়ে আনতে সহায়তা করেছে বলে জানিয়েছেন তিনি।
পরিচয় না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেট (আইএস) আত্মঘাতী হামলা চালাতে পারে এমন উদ্বেগ বাড়তে শুরু করেছে।
এই বিমানবন্দরটি আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক বিদেশি ও আফগান নাগরিকে বোঝাই হয়ে আছে।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, (হামলা) হবে কিনা এটি এখন আর কোনো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে কখন জঙ্গিরা হামলা চালাবে আর এটি ঘটার আগেই প্রত্যাহার সম্পূর্ণ করার ওপর জোর দেওয়া হচ্ছে।
মঙ্গলবার এর আগে তালেবান বলেছে, আফগানিস্তান থেকে সব বিদেশিদের প্রত্যাহার ৩১ অগাস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি ওয়াশিংটনকে উচ্চ দক্ষতা সম্পন্ন আফগানদের দেশ ছাড়ার আহ্বান জানানো বন্ধ করতে বলেছে তারা।
কাবুল বিমানবন্দরে ফ্লাইটে উঠে দেশ ছাড়ার জন্য ভিড় করা হাজার হাজার আফগানকে আশ্বস্ত করে তাদের শঙ্কিত হওয়ার কিছু নেই এবং তারা বাড়িতে ফিরে আসতে পারে বলে জানিয়েছে তালেবান।
রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, “আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।”
আরও পড়ুন:
