সেনা সরানোর সময় বাড়াতে তালেবানের ‘না’, ৩১ অগাস্টে অটল বাইডেনও
আফগানিস্তানের নতুন তালেবান শাসকরা ৩১ অগাস্ট সময়সীমার মধ্যেই সেনাসহ সব মার্কিন নাগরিক ও তাদের মিত্রদের প্রত্যাহার চাইছে। এই সময়সীমা তারা বাড়াতে রাজি নয় বলে জানিয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও পূর্ব-নির্ধারিত সময়সীমাই বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।
বিবিসি জানান, মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জি-৭ নেতাদের সঙ্গে বাইডেনের বৈঠকের পর এক বিববৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বাইডেন নিশ্চিত করে জানিয়েছেন যে, কাবুলে উদ্ধার অভিযান ৩১ অগাস্টের মধ্যে শেষ করার গতিতেই চলছে, যাতে মার্কিন সেনাদের ওই সময়ের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া যায়।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সুপারিশ অনুযায়ী বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরানোর ৩১ অগাস্ট সময়সীমায় অটল থাকতে রাজি হয়েছেন।
কর্মকর্তা জানান, আফগানিস্তানে আমেরিকান বাহিনীর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে পেণ্টাগন সোমবার সেনা সরানোর পূর্ব-নির্ধারিত সময়সীমা রাখারই সুপারিশ করে। সব সেনা সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কতদিন লাগবে তা জিজ্ঞেস করা হলে কর্মকর্তা বলেন, ‘কয়েকদিন’।
মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও বলেন, “এখন থেকে ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক যে কোনও আমেরিকানকে বের করে নিয়ে আসা সম্ভব বলে আমরা মনে করি।”
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে প্রায় ৭ হাজার মার্কিন সেনা আছে। বিমানবন্দরটির চারেপাশে হুমকির পরিবেশ বিরাজ করছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত সব সেনা এবং ঠিকাদারকে আফগানিস্তান থেকে ৩১ অগাস্ট সময়সীমার মধ্যেই নিয়ে যাওয়া। আফগানিস্তান ছাড়তে চাওয়া আফগানদেরও ভয় পাওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করার চেষ্টা নিয়ে জাবিউল্লাহ বলেন, “আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।”
বাইডেন গত এপ্রিলেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ৩১ অগাস্টের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিলেও পরে কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে উদ্ধারের জন্য সেখানে আরও অনেক সেনা পাঠিয়েছেন।
এই বাহিনী সময়সীমার মধ্যে কাবুল বিমানবন্দর ছেড়ে চলে গেলে এবং বিমানবন্দরের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে সেখানে পরে আর কোনও আন্তর্জাতিক ফ্লাইট ঢোকা কিংবা বের হতে দেওয়া হবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।
তাই সেনাদেরকে আনও বেশি সময় সেখানে রাখতে যুক্তরাজ্য, ওয়াশিংটন, ফ্রান্স এবং জার্মানি ইচ্ছুক। কিন্তু তালেবান এতে সায় দেয়নি। সেনা বেশিদিন রাখার বাইডেনের চিন্তা-ভাবনা এবং মার্কিন মিত্রদেশগুলোর সময়সীমা বাড়ানোর দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান।
জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা আফগানিস্তান সংকট নিয়ে ভার্চুয়াল আলোচনায় বসার মধ্যেই তালেবান তাদের এই অবস্থান জানাল। এখন বাইডেনেরও সময়সীমা আপাতত না বাড়ানোর সিদ্ধান্তের যে খবর এসেছে তাতে তালেবানের সন্তষ্ট হওয়ারই কথা।
তবে বাইডেন প্রশাসন কয়েকটি সম্ভাব্য পরিকল্পনা করে রাখছে, যেসব ক্ষেত্রে বাইডেন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন মঙ্গলবারের সংবাদ ব্রিফিংয়ে যোগ দেওয়া আইনপ্রণেতারা।
বাইডেন এ মুহূর্তে আগের সময়সীমা রাখতে রাজি হলেও প্রয়োজনে সেনা আরেকটু বেশি সময় রেখে দেওয়ার জন্য পেন্টাগনকে আরেকটি পরিকল্পনা করে রাখার অনুরোধও করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন প্রশাসনিক কর্মকর্তা।
তিনি বলেন, তালেবানকে যুক্তরাষ্ট্র বলেছে, বাইডেনের ঘোষিত সময়সীমা ৩১ অগাস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার বিষয়টি নির্ভর করছে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নিতে তালেবান গোষ্ঠীর সহযোগিতার ওপর।
তালেবানের হাতে অপ্রত্যাশিত দ্রুততায় কাবুলের পতনের পর মার্কিনিসহ আফগানদের সরিয়ে নেওয়ার এই কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কঠিন হওয়ার কারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সময় বাড়ানোর কথা বলেছিলেন। মার্কিন মিত্ররাও সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর দাবি তোলে।
কিন্তু তালেবান আগেই হুঁশিয়ার করে বলেছিল, বিদেশি সেনা অবস্থানের সময়সীমা বাড়ানো হলে সেটি হবে চুক্তির স্পষ্ট লঙ্ঘন। আর তা হলে যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে।
তবে বিবিসি জানায়, এ হুঁশিয়ারির পরও মঙ্গলবার জি-৭ দেশগুলোর ভার্চুয়াল সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সময়সীমা বাড়ানোর জন্য বাইডেনকে আহ্বান জানায়। কিন্তু তা হয়নি বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
এখন সময়সীমার পরও বেসামরিক লোকজনদের-পরিচালনায় আফগান বিমানবন্দর ব্যবহার করা যায় কিনা তা নিয়ে একান্ত আলোচনা চলছে বলে জানান তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ৩১ অগাস্টের পরও মানুষজনকে আফগানিস্তান ছাড়তে দেওয়ার জন্য তালেবানকে চাপ দিতে একমত হয়েছেন নেতারা।
জি-৭ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এক নাম্বার শর্ত যেটার ওপর আমরা জোর দিচ্ছি, তা হল ৩১ অগাস্টের পরও যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের জন্য একটি নিরাপদ পথ (সেফ প্যাসেজ) চালু রাখা।
তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ এক সংবাদ সম্মেলনে এরই মধ্যে বলেছেন তারা আফগানদেরকে দেশ ছেড়ে যেতে দেবেন না। তিনি বলেন, আফগানদের বিমানবন্দরে যাওয়া উচিত না কিংবা দেশ ছাড়ার চেষ্টা করাও উচিত না।
