২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলগামী যাত্রীরা ভাবতেও পারেননি, কী ঘটতে যাচ্ছে

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট রোববার বিকালে যখন দিল্লি থেকে ৪০ জন আফগান যাত্রী নিয়ে কাবুলে পৌঁছায় তখন অবতরণের জন্য সবুজ সঙ্কেতই দিয়েছিল এয়ার ট্রাফিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 12:14 AM

Updated : 02 Aug 2022, 06:14 PM

দিনটা ছিল রোদ ঝলমলে, তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

উড়োজাহাজের ছয় ক্রু ধারণাও করতে পারেননি, নিচে কত দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। আফগান সরকারের পতনের পর তালেবান যোদ্ধারা তখন কাবুলের দখল নিচ্ছিল, দ্রুত ইতি ঘটছিল মার্কিন নেতৃত্বে যৌথ বাহিনীর প্রায় ২০ বছরের উপস্থিতির।

পাইলট যখন অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কোনো কারণ ব্যাখ্যা না করেই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অন্য সিদ্ধান্ত দেওয়া হয়, বলা হয়, আপাতত আকাশেই থাকতে হবে।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯০ মিনিট উড়োজাহাজটিকে ১৬ হাজার ফুট উঁচ্চতায় আফগানিস্তানের রাজধানী কাবুলের ওপর পাক খেতে হয় সেদিন।

ক্রুরা ভেবেছিলেন, কাবুলে যোগাযোগ বেড়ে যাওয়ায় তাদের অবতরণের অনুমতি মিলতে সময় লাগছে। তবে উড়োজাহাজে বাড়তি জ্বালানি থাকায় তাদের দুশ্চিন্তা ছিল না।

পাইলটরা জানেন, কাবুল বিমানবন্দরে প্রায়ই এমন ব্যস্ততা থাকে, ফলে তাদের ক্লান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাছাড়া এই সময়টায় আফগান রাজধানীতে পৌঁছাতে জোরালো দমকা বাতাসের ঝামেলা পোহাতে হয়।

আরও দুটি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট তখন অবতরণের অনুমতির আশায় কাবুলের আকাশে উড়ছিল।

শেষ পর্যন্ত বেলা সাড়ে ৩টার দিকে ১৬০ আসনের এয়ারবাস ৩২০ উড়োজাহাজটি কাবুল বিমানবন্দরে নামিয়ে আনেন এয়ার ইনডিয়ার ক্যাপ্টেন আদিত্য চোপড়া।

দিল্লি থেকে কাবুলে যেতে সাধারণত ১০৫ থেকে ১২০ মিনিট সময় লাগে। কিন্তু রোববার ওই ফ্লাইটের কাবুলে নামতে সময় লেগে যায় পাক্কা সাড়ে ৩ ঘণ্টা।

 

ফ্লাইটে থাকা কয়েকজন যাত্রী বিবিসিকে বলেছেন, নিচে ‘কিছু একটা নিয়ে উত্তেজনা’ চলছে বলে তারা অনুমান করেছিলেন। কিন্তু সেটা কী হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা তারা তখনও করতে পারেননি।

অবতরণের পর তারা দেখতে পান, রানওয়ে ঘিরে সেনা সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। অন্যান্য উড়োজাহাজের জোড়ালো আওয়াজ পাওয়া যাচ্ছিল, কারণ সেনা পরিবহনে ব্যবহৃত সি-১৭ গ্লোবমাস্টার এবং চিনুক হেলিক্প্টার বেশ ঘন ঘন আসা যাওয়া করছিল সে সময়।

তাছাড়া পাকিস্তান এবং কাতারের বেসামরিক বিমানকেও রানওয়েতে দাঁড়িয়ে থাকতে দেখেন এয়ার ইনডিয়ার যাত্রীরা।

ওই ফ্লাইটের একজন যাত্রী বিবিসিকে বলেন, “আমরা শুনলাম, কর্মীরা বিমানবন্দরের ভেতরে আশ্রয় নিচ্ছে। অনেক মানুষ নাকি বিমানবন্দরে ঢোকার চেষ্টা করছে।”

ফ্লাইট অবতরণের পর কাবুলের প্রটোকল অনুযায়ী ত্রুরা ককপিটেই অবস্থান করছিলেন। রানওয়েতে দেড় ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর ১২৯ জন যাত্রী নিয়ে আবারও দিল্লির উদ্দেশে ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজ।

ফিরতি ফ্লাইটে ওই উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ছিলেন বেশ কজন আফগান কর্মকর্তা, অন্তত দুইজন এমপি এবং সাবেক প্রেসিডেন্টের একজন উপদেষ্টা। এছাড়া কাবুলের রাস্তায় যানজটে আটকে পড়ায় আরও কয়েকজন ফ্লাইট ধরতে পারেননি।

একজন যাত্রী বিবিসিকে বলেন, “আমি কোনো দেশের নাগরিকদের নিজের দেশ ছেড়ে যাওয়ার জন্য এতোটা মরিয়া হতে দেখিনি। তারা যখন বিমানে উঠে হাঁটছিল, আপনি তাদের চোখে সেই তাড়া দেখতে পেতেন।”

ফিরতি ফ্লাইটের বেশিরভাগ যাত্রীই ছিলেন আফগানিস্তানের, যারা দেশ ছেড়ে যাচ্ছেন। অবশ্য দেশে ফেরার উদ্দেশে রওনা দেওয়া কিছু ভারতীয় কর্মীও ছিলেন।

আকাশ পথে দেশ ছাড়ার এই তাড়নায় রোববার বিকালের দিকে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নাজুক হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের ভেতরে এবং রানওয়েতে নারী, পুরুষ আর শিশুর বেপরোয়া ছোটাছুটি।  

তালেবান কাবুল দখলের পর থেকে বড় এয়ারলাইন্সগুলো আফগানিস্তানের আকাশসীমা এড়িয়ে চলেছে।

সোমবার সকালের একটি ভিডিওতে দেখা যায়, কাবুল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে হুড়াহুড়ি করছেন যাত্রীরা।

 

১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে ১৮০ জন যাত্রী নিয়ে দিল্লি যাওয়ার পথে ইন্ডিয়ান এয়ারলাইন্সের (যা পরে এয়ার ইন্ডিয়ায় একীভূত হয়) একটি জেট ছিনতাই হয়েছিল।

উড়োজাহাজটিকে আফগানিস্তানের কান্দাহারে উড়িয়ে নেওয়া হয়েছিল, যেখানে ছিনতাইকারীরা কাশ্মীরের ২ স্বাধীনতাকামীকে মুক্তির দাবিতে আলোচনা করেছিল। যাত্রীদের নিরাপদে ছেড়ে দেওয়ার বিনিময়ে কাশ্মীরের ৩ যোদ্ধাকে মুক্তি দিয়েছিল ভারত। আর পাঁচ ছিনতাইকারীর কাউকেই ধরা যায়নি।

বিবিসি লিখেছে, আফগান যুদ্ধ শেষ হলে এয়ার ইন্ডিয়া আবার কাবুলে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করে। কিন্তু এখন সবকিছুই আবার অনিশ্চিত হয়ে পড়েছে।