কাবুল বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, মার্কিন সেনা তৎপরতায় নিহত ২
আফগানিস্তানে রাজধানী কাবুলের বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সব ধরনের সামরিক ও বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র।
তিনি বলেন, বিমান চলাচল আবার কখন শুরু হবে তা পরিষ্কার নয়। মার্কিন সেনারা বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কিন্তু দেশ ছেড়ে পালাতে মরিয়া আফগানদের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছে।
বিবিসি জানায়, মার্কিন সেনাদের তৎপরতায় দুইজন আফগান নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বলা হচ্ছে, এই দুইজন অস্ত্রধারী ছিল।
ওয়াশিংটনের ‘দ্য হিল’ পত্রিকার খবরে বলা হয়েছে, মার্কিন সেনাদের গুলিতে কাবুল বিমানবন্দরে ওই দুই ব্যক্তি নিহত হন। পেন্টাগনের এক মুখপাত্র সোমবার এই গুলির ঘটনা নিশ্চিতও করেছেন।
সাংবাদিকদেরকে পেন্টাগন মুখপাত্র বলেন, মার্কিন সেনাদের দিকে অস্ত্রধারীদের গুলি ছোড়ার মতো কিছু ঘটনা সেখানে ঘটছে। আমাদের মিশন আক্রমণাত্মক নয়। তারপরও আত্মরক্ষার অধিকার আমাদের আছে। সেকারণে হুমকি বা হামলার ক্ষেত্রে আমাদের বাহিনী জবাব দেবে।
তাই বিমানবন্দরে বিচ্ছিন্ন দুটি ঘটনায় মার্কিন সেনারা এমনই হুমকির জবাব দিয়েছে এবং তার ফলে দুই অস্ত্রধারীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এর আগে কাবুল বিমানবন্দরে শত শত আফগানের জোর করে উড়োজাহাজে উঠে দেশ ছাড়ার চেষ্টার মধ্যে অন্তত পাঁচ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।
তাছাড়া, বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেনারাও সোমবার সকালে জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছুড়েছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন। তবে নিহতরা গুলিতে না ভিড়ের চাপে মারা গেছেন তা স্পষ্ট ছিল না।
বিবিসি জানায়,মার্কিন সেনারা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় কাজ করে চলেছে। বর্তমানে সেখানে আছে ২,৫০০ সেনা। আগামী আরও কয়েক ঘণ্টায় কাবুল বিমানবন্দরে অতিরিক্ত ৫শ’ সেনা পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন পেণ্টাগনের মুখপাত্র জন কিরবি।
