২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সামরিক বিমান গুলি করে নামিয়েছে উজবেকিস্তান

উজবেকিস্তানের মাটিতে আফগান সামরিক বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে জানাল দেশটির সরকার। উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের সামরিক জঙ্গি বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 09:20 PM

Updated : 07 Apr 2022, 11:30 PM

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, বিমানটি উজবেকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল। বিধ্বস্ত বিমানটিতে কতজন ছিল বা তাদের কেউ প্রাণে বেঁচেছেন কি-না তা মুখপাত্র বলেননি।

তবে বিবিসি জানায়, আফগান সীমান্তবর্তী উজবেকিস্তানের সুরক্সোনদারিও প্রদেশের এক চিকিৎসক বলেছেন, আফগান সেনাবাহিনীর পোশাক পরা দুইজনকে রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের প্যারাসুট ছিল।

উজবেক নিউজ ওয়েবসাইট গ্যাজেটা ডটইউজেড এর আগে সোমবার এক খবরে জানিয়েছিল, রোববার রাতে উজবেকিস্তানের সর্বদক্ষিণের প্রদেশ সুরক্সোনদারিওতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

উজবেকিস্তানের এই প্রদেশটি আফগানিস্তানের উত্তর সীমান্ত সংলগ্ন। গ্যাজেটা ডটইউজেডে প্রকাশিত ছবিতে বিমানবাহিনীর উর্দি পরা এক ব্যক্তির পাশে চিকিৎসা কর্মীদের দেখা গিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার উজবেক প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, “উজবেকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী আফগান সামরিক বিমানের উজবেক আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে।”

মুখপাত্রের এই বক্তব্যে রোববার সন্ধ্যায় সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি নিশ্চিত হল। রোববার উজবেকিস্তান জানিয়েছিল, তারা সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে প্রবেশ করে চিকিৎসার জন্য আবেদন জানানো ৮৪ জন আফগান সেনাকে আটক করেছে।

তালেবান কাবুল দখল করার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে।