২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণ নিল তালেবান

আফগানিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বিদ্রোহীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2021, 02:17 AM

Updated : 02 Aug 2022, 06:13 PM

শনিবার তালেবান বাহিনী উত্তরাঞ্চলের বৃহত্তম এ শহরটি দখল করে বলে নিশ্চিত করে জানিয়েছে বলখের প্রাদেশিক পরিষদের কর্মকর্তারা।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার করার পর বিদ্যুৎগতিতে দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কট্টরপন্থি বিদ্রোহী এ গোষ্ঠীটি। মাজার-ই-শরিফে তাদের আক্রমণে সরকারি বাহিনী পালিয়ে গেছে এবং তালেবান যোদ্ধারা এখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

তালেবান ‘কাবুলের সাত মাইলের মধ্যে’  

এখন দেশটির বড় শহরগুলোর মধ্যে শুধু কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ তালেবানের হাতে নেই।

খুব শিগগিরই কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে সেখানে কয়েক হাজার সৈন্য পাঠিয়ে তাড়াহুড়া করে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

মাজার-ই-শরিফ থেকে পালিয়ে যাওয়া নিরাপত্তা বাহিনীগুলো এখন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে বলখের প্রাদেশিক পরিষদের প্রধান আফজাল হাদিদ রয়টার্সকে জানিয়েছেন।   

তিনি বলেন, “তালেবান মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণ নিয়েছে। সবগুলো নিরাপত্তা বাহিনী শরটি ছেড়ে চলে গেছে।”

আশপাশে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটে চললেও বড় ধরনের কোনো প্রতিরোধ যুদ্ধ ছাড়ই শহরটির পতন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একইদিন এর আগে তালেবান কাবুলের দক্ষিণে পুল-ই-আলম শহর দখল করে। এই শহরটি দক্ষিণ দিকে থেকে কাবুলে ঢোকার প্রধান প্রবেশপথ।

কাবুল থেকে ৭০ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণে লোগার প্রদেশের এই রাজধানী শহরটির দখল নিতে তালেবান যোদ্ধাদের খুব অল্প প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছিল বলে স্থানীয় প্রাদেশিক পরিষদের একজন সদস্য জানিয়েছেন; পরিচয় না প্রকাশ করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছিলেন তিনি।

তালেবানরা পুল-ই-আলম থেকে অগ্রসর হয়ে কাবুলের কাছাকাছি পৌঁছে গেছে, এমন খবর অস্বীকার করেছেন আফগান পুলিশ কর্মকর্তারা।

শুক্রবার তালেবান আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখল করে নেয়। তালেবান কাবুলের নিকটবর্তী ময়দান শহরের নিয়ন্ত্রণে নেওয়া পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের বৃহত্তম শহর কান্দাহার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে শুক্রবার নিশ্চিত করেছেন আফগান কর্মকর্তারা। একইদিন ইরান সীমান্তবর্তী হেরাতেরও পতন হয়।

এখন কাবুলের বাইরে একমাত্র গুরুত্বপূর্ণ শহর যা তালেবানের নিয়ন্ত্রণে নেই তা হল জালালাবাদ। কাবুলের পূর্ব দিকের এই শহরটি পাকিস্তান সীমান্তের নিকটবর্তী। জালাবাদের পতন হলে রাজধানী কাবুল চারদিকে দিয়ে ঘেরাও হয়ে পড়বে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃ্ত্বাধীন বাহিনী আফগানিস্তান দখল করে নিয়েছিল। ওই সময় তালেবানকে ক্ষমতা থেকে হটিয়ে দেয় তারা। কিন্তু ২০ বছর পর পশ্চিমা বাহিনী সরে যাওয়ার পর মাত্র কযেকদিনের মধ্যে ফের দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান।