আলজেরিয়ায় দাবানলে সেনাসহ ৬৫ জনের মৃত্যু
আলজেরিয়ায় দাবানলে ২৮ সেনাসহ অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে।
সোমবার রাত থেকে আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলগুলোতে কয়েক ডজন পৃথক দাবানল শুরু হয়, এতে রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় পর্বতময় কাবিলি অঞ্চল ঘন ধোঁয়ায় ঢাকা পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করার জন্য সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল, তার মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে। আরও ১২ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
আগুন লাগানোর জন্য অগ্নিসংযোগকারীদের দায়ী করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজুউদ, তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
বেলজুউদ বলেন, “বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি দাবানল একযোগে শুরু হওয়ার পেছনে কেবল অপরাধীদের হাতই থাকতে পারে।”
আলজেরিয়ার প্রেসিডেন্ট এরই মধ্যে দাবানলে মৃতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের বায়ুমণ্ডল পর্যবেক্ষক বলেছিল, তাপদাহের কারণে তুরস্ক ও গ্রিসের বনাঞ্চল বিশাল আগুনে ছেয়ে যাওয়ায় ভূমধ্যসাগরীয় অঞ্চল দাবানলের হটস্পটে পরিণত হয়েছে।
কাবিলির তাইজি ওজৌ অঞ্চলের বাসিন্দারা গাছের ডালপালা ব্যবহার করে বা প্লাস্টিকের কন্টেইনারে করে পানি এনে ছিটিয়ে মরিয়াভাবে আগুন নেভানোর চেষ্টা করছেন।
কাবিলির বাসিন্দারা জানিয়েছেন, সেনাদের মৃত্যু হয়েছে পৃথক এলাকায়, তাদের মধ্যে কয়েকজন আগুন নেভাতে গিয়ে এবং বাকিরা ছড়িয়ে পড়া আগুনের মধ্যে আটকা পড়ে মারা যান।
আরও অনেক সেনা আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছু বাড়ি পুড়ে গেছে, পরিবারগুলো হোটেল, যুব হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। ঘন ধোঁয়ার কারণে কিছু দেখা না যাওয়ায় দমকল কর্মীদেরও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
