ব্রিটিশ বিমানবাহী রণতরীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব
যুক্তরাজ্যের রয়্যাল নেভির ‘এইচএমএস কুইন এলিজাবেথ’ বিমানবাহী রণতরীতে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
রণতরীটির প্রায় ১শ’ নাবিকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে বিবিসি।
এই রণতরীর সঙ্গে একই বহরে থাকা আরও চারটি তরীতেও করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রণতরীর এই বহরটি অন্যান্য মিত্রেদেশগুলোর সঙ্গে একটি মহড়ায় অংশ নিতে দক্ষিণ চীন সাগরের দিকে এগুচ্ছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রণতরীর সব নাবিককে দুই ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থাই গুরুতর নয় এবং ভাইরাসের প্রাদুর্ভাব সামাল দেওয়ার চেষ্টা চলছে।
এইচএমএস কুইন এলিজাবেথ রণতরীর নেতৃত্বে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) রণতরীর বহর গত মে মাসের শেষ দিকে যাত্রা শুরু করেছে। এইচএমএস কুইন এলিজাবেথ এখন ভারত মহাসাগরে প্রবেশ করেছে।
রয়্যাল নেভি জানিয়েছে, বছরের শেষ দিকে তারা জাপানের দিকে যাত্রা করবে। রয়্যাল নেভির মুখপাত্র জানিয়েছেন, করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই সবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের খুঁজে বের করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কিছু সংখ্যক নাবিকের দেহে কোভিড শনাক্ত হয়েছে। তবে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ তাদের কাজ চালিয়ে যাবে এবং এতে এর মিশনেও কোনও প্রভাব পড়বে না।”
ব্রিটিশ রয়েল নেভির জাহাজে কোভিড ভীতি এবারই প্রথম নয়। গত বছর এইচএমএস নর্থামবারল্যান্ড নামের আরেকটি রণতরীতেও কয়েকজনের কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়ার পর সেটিকে উপকূলে ফিরে যেতে হয়েছিল। বড়দিনের সময়টিতে নাবিকদেরকে আইসোলেশনে থাকতে হয়েছিল।
আর এবার বিশ্ব সফরে বেরিয়ে এইচএমএস কুইন এলিজাবেথ সমুদ্রপথে ২৬ হাজার মাইল পাড়ি দিয়েছে। পোর্টসমাউথ নৌঘাঁটি থেকে এর যাত্রা শুরু হয়েছিল। তার আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেখ ও প্রধানমন্ত্রী বরিস জনসন রণতরীটি পরিদর্শন করেছিলেন।
