ইরাকে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত ৯২, বাড়ছে ক্ষোভ
ইরাকের নাসিরিয়া শহরে করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকতারা।
অবহেলার অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে কর্মরত এক চিকিৎসক এবং নিহতদের শোকার্ত স্বজনরা।
সোমবার রাতে আগুন লাগার এই ঘটনায় আহত হয়েছেন রোগীসহ তাদের দেখতে আসা শতাধিক মানুষ।
তদন্তে দেখা গেছে, ত্রুটিপূর্ণ তার থেকে আগুনের স্ফূলিঙ্গ একটি অক্সিজেন ট্যাঙ্কে পৌঁছানোর পর সেটি বিস্ফোরিত হয়ে আগুন হাসপাতালে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয়দেরকে হাসপাতালের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ইরাকি কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারি বলেন, “হাসপাতালটিতে নূন্যতম সুরক্ষা ব্যবস্থাও নেই। তাই যা হওয়ার তাই হয়েছে। সামান্য অগ্নি নির্বাপক পানি ছিটানোর ব্যবস্থা, এমনকী অগ্নিসংকেত যন্ত্রও ছিল না হাসপাতালে।”
“সামান্য সিগারেট থেকেও আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর আগে আমরা অনেকবার অভিযোগ করেছি। প্রতিবারই কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি তাদের যথেষ্ট টাকা নেই।”
স্থানীয় নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান সালাহ যাবার বলেন, হাল্কা ওজনের ‘স্যান্ডউইচ প্যানেল’ ব্যবহার করে ওয়ার্ড আলাদা করা হয়েছিল হাসপাতালটিতে, যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে গেছে।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির নির্দেশে স্বাস্থ্য ও নাগরিক সুরক্ষা বিষয়ক ব্যবস্থাপকদের পাশাপাশি হাসপতালের ব্যবস্থাপককেও বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
হাসিরিয়াতে মঙ্গলবার সকালে তদন্ত শুরু করে সরকার। এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি এক টুইটে বলেছেন, হাসপাতালের এই অগ্নিকাণ্ড ইরাকিদের জীবন বাঁচাতে ‘ব্যর্থতারই স্পষ্ট প্রমাণ’।
“দুর্যোগ ডেকে আনা এই ব্যর্থতার অবসানের এখনই সময়,” বলেন তিনি।
বিবিসি জানিয়েছে, হাসপাতালের তিন মাস আগে বানানো করোনাভাইরাস ওয়ার্ডে ৭০টি শয্যা ছিল; অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে অন্তত ৬৩ জন ছিলেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
“করোনাভাইরাস ওয়ার্ডের ভেতর আমি বড় একটি বিস্ফোরণের শব্দ শুনি, এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে,” হাসপাতালের এক রক্ষী বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন।
দীর্ঘ যুদ্ধের ক্ষত, দুর্নীতি আর অবহেলায় নাজুক অবস্থায় থাকা ইরাকের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বড় বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে করোনাভাইরাস মহামারী।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ইতোমধ্যে ১৪ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৭ হাজারের বেশি মানুষের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চার কোটি নাগরিকের এই দেশে করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ লাখের মত।
