২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে চীনা টিকা নিয়েও কোভিড আক্রান্ত ৬১৮ স্বাস্থ্যকর্মী

থাইল্যান্ডে চীনের তৈরি সিনোভ্যাক টিকার দুই ডোজ নেয়ার পরও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৬ শতাধিক স্বাস্থ্যকর্মী। এর মধ্যে এক নার্স মারা গেছেন এবং আরেকজনের অবস্থা গুরুতর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 09:18 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

থাই স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত প্রকাশিত তথ্যে দেখা গেছে, দুই ডোজ সিনোভ্যাক টিকা নেওয়া ছয় লাখ ৭৭ হাজার ৩৪৮ জনের মধ্যে ৬১৮ জন কোভিড আক্রান্ত হয়েছে।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সপন আয়ামসিরিথওন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “বিশেষজ্ঞদের একটি প্যানেল ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীদের রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করার জন্য তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেছে।”

“তবে এই টিকা হবে ভিন্ন, হয় ভাইরাল ভ্যাক্টর অ্যাস্ট্রজেনেকা কিংবা এমআরএনএ টাইপের টিকা। এই ধরনের টিকা থাইল্যান্ড আর কিছুদিনের মধ্যেই হাতে পাবে।” বিশেষজ্ঞদের সুপারিশমত এই টিকা স্বাস্থ্যকর্মীদেরকে দেওয়ার কথা সোমবার বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন সপন।

থাইল্যান্ডে রোববার ৯ হাজার ৪১৮ জনের রেকর্ড কমিউনিটি সংক্রমণের মধ্যে এই ঘোষণা এল। এর আগে শনিবার দেশটি একদিনে রেকর্ড ৯১ জন নতুন শনাক্তের খবর জানায়। থাইল্যান্ডে গতবছর মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৩৬,৩৭১ জনের কোভিড শনাক্ত হয়েছে এবং ২ হাজার ৭১১ জন মারা গেছে।

থাইল্যান্ডের সম্মুখসারির চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের বেশিরভাগকেই ফেব্রুয়ারির পর সিনোভ্যাক কোভিড টিকা দেওয়া হয়েছে। আর অ্যাস্ট্রাজেনেকা টিকা আসার কথা ছিল জুনে। এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফাইজার-বায়োএনটেকের ১৫ লাখ টিকা অনুদান পাওয়ারও কথা রয়েছে থাইল্যান্ডের। অর্ডার দেওয়া আরও ২ কোটি ডোজ টিকা সরবরাহ হওয়ার কথা অক্টোবরে।

চীনের সিনোভ্যাক টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা থাইল্যান্ডেই প্রথম নয়। ইন্দোনেশিয়াতেও এমন ঘটনা ঘটেছে। দেশটিতে সিনোভ্যাক টিকা নেওয়ার পরও হাজার হাজার চিকিৎসক এবং চিকিৎসাকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং অনেকে মারাও গেছে।

ইন্দোনেশিয়ায় মানুষকে ব্যাপকহারে দেওয়া হয়েছে চীনের সিনোভ্যাক টিকা। দেশটির একটি কোভিড-১৯ ডাটা গ্রুপের হিসাবমতে, গত জুন থেকে মূলত সিনোভ্যাক টিকা নেওয়া প্রায় ১৩১ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাইয়ে মারা গেছে ৫০ জন।

এ পরিস্থিতিতে এবার স্বাস্থ্যকর্মীদেরকে মডার্নার টিকা বুস্টার ডোজ হিসাবে দেওয়া হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া।