২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডের সংস্পর্শে আসায় আইসোলেশনে কেট মিডলটন

করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়া একজনের সংস্পর্শে আসায় সেলফ-আইসোলেশনে পাঠানো হয়েছে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 07:35 PM

Updated : 07 Apr 2022, 11:19 PM

সোমবার সিএনএন-কে একথা জানিয়েছেন কেনসিংটন প্রাসাদের একজন মুখপাত্র।

তিনি বলেন, “যদিও ডাচেস অব কেমব্রিজের শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই, তারপরও আগাম সতর্কতা হিসাবে কোভিড-সংক্রান্ত সব সরকারি নির্দেশনা মেনে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকছেন।”

গত শুক্রবার করোনাভাইরাসের সংস্পর্শে আসার খবর পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন কেট। সোমবারের কোন কাজে তিনি উপস্থিত থাকছেন না বলে জানিয়েছেন কেনসিংটন প্রাসাদের মুখপাত্র।

শুক্রবারেই কেট মিডলটনকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে। ওই দিন তিনি উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের খেলায় উপস্থিত ছিলেন। সেখানে তিনি ঘুরে বেড়িয়েছেন এবং অনেকের সঙ্গে সাক্ষাতও করেছেন।

যুক্তরাজ্যের সরকারি নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কেউ আসলে তাকে বাধ্যতামূলক ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির কাছে সাড়ে ছয় ফিট দূরত্বের ভেতরে ১৫ মিনিটের বেশি থাকলেই তাকে ‘ক্লোজ কন্টাক্ট’ বা ‘সংস্পর্শে আসা’ হিসেবে ধরা হয়।

সিএনএন জানায়, ফুটবলের আসর ইউরো ২০২০ এবং উইম্বলডন যোগ দেওয়ার আগে গত সপ্তাহে দুইবার কেট মিডলটনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়, এতে দু’বারই ফল এসেছিল ‘নেগেটিভ’।