কোভ্যাক্সিন গুরুতর অসুস্থতায় ৯৩.৪%, ডেল্টায় ৬৫.২% কার্যকর দাবি
ভারত বায়োটেক তাদের উদ্ভাবিত কোভিড টিকা কোভ্যাক্সিন গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে ৯৩.৪% এবং করোনাভাইরাসের ডেল্টা ধরন রুখতে ৬৫.২% কার্যকর বলে দাবি করেছে।
এছাড়াও, সামগ্রিকভাবে করোনাভাইরাসের সব ধরন প্রতিরোধে এই টিকা ৭৭.৮ শতাংশ কার্যকর, বলছে ভারত বায়োটেক কোম্পানি।
তৃতীয় পর্যায়ের ক্নিনিকাল ট্রায়ালের চূড়ান্ত পরীক্ষায় এমনই তথ্য মিলেছে বলে শনিবার জানিয়েছে কোম্পানিটি।
এক বিবৃতিতে ভারত বায়োটেক বলেছে, তারা এখন তাদের এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার তালিকাভুক্ত করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে আলোচনা চালাচ্ছে।
গতবছরের প্রথমার্ধ থেকে ভারত বায়োটেক কোভিড-১৯ এর টিকা তৈরির চেষ্টা করে আসছে। ভারতে এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে এবছরে।
তাছাড়া, ফিলিপিন্স, ইরান, মেক্সিকোসহ ১৬ টি দেশেও এ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ট্রায়ালে শতাধিক উপসর্গ থাকা কোভিড রোগীর উপর পরীক্ষা চালিয়ে টিকাটির কার্যকারিতার প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে গবেষণাপত্রে।
বলা হয়েছে, যাদের শারীরিক অসুস্থতা বেশি, তাদের ক্ষেত্রে ৯৩.৪ শতাংশ কার্যকর হয়েছে কোভ্যাক্সিন। উপসর্গহীন কোভিড রোগীদের ক্ষেত্রে এ টিকা ৬৩.৬ শতাংশ কার্যকর হয়েছে। আর বি.১.৬১৭.২ ডেল্টা ধরনের ক্ষেত্রে ৬৫.২ শতাংশ সুরক্ষার প্রমাণ মিলেছে।
গতমাসে অ্যাস্ট্রাজেনেকাও এক গবেষণার উল্লেখ করে তাদের তৈরি টিকা ডেল্টা এবং কাপ্পা ধরনের বিরুদ্ধে কার্যকর দাবি করেছিল।
ভারতের সেরাম ইন্সটিটিউট দেশীয়ভাবে অ্যাস্ট্রাজেনেকা টিকা উৎপাদন করে তা মানুষকে দিচ্ছে। জুলাই থেকে এ টিকা উৎপাদন আরও জোরদার করার পরিকল্পনার কথাও গতমাসেই জানিয়েছে তারা।
