২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলেও বিশ্বযুদ্ধ হতো না: পুতিন

রাশিয়ার জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে বলে অভিযোগ করা ব্রিটিশ যুদ্ধজাহাজটিকে তারা ডুবিয়ে দিলেও তৃতীয় বিশ্বযুদ্ধ হতো না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 05:03 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

এই ‘উস্কানিতে’ যুক্তরাষ্ট্রেরও ভূমিকা ছিল বলে বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে অভিযোগ করেন রাশিয়ার প্রেসিডেন্ট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রাশিয়ার নিজ ভূখণ্ডের অংশ করে নেওয়া ক্রাইমিয়ার জলসীমা দিয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার পার হওয়ার সময় রাশিয়া সেটিকে চ্যালেঞ্জ করে। এই নিয়ে গত সপ্তাহে মস্কো ও লন্ডনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই জলসীমা দিয়ে তাদের যাওয়ার অধিকার আছে বলে দাবি করে ব্রিটেন। 

অপরদিকে রাশিয়া জানায়, ‍কৃষ্ণ সাগরে ব্রিটিশ নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ আবার এ ধরনের উস্কানিমূলক কিছু করলে সেটির ওপর বোমা ফেলবে তারা।

২০১৪ সালে ক্রাইমিয়া উপদ্বীপকে নিজেদের ভূখণ্ডভুক্ত করে নেয় রাশিয়া। কিন্তু ব্রিটেনেসহ বিশ্বের অনেকগুলো দেশ কৃষ্ণ সাগরের এই উপদ্বীপটিকে ইউক্রেইনের অংশ বলে স্বীকার করে, রাশিয়ার নয়। 

গত সপ্তাহের ঘটনার বিষয়ে রাশিয়া জানিয়েছিল, ব্রিটিশ যুদ্ধজাহাজটির পথে বোমা ফেলে ও সতর্কতামূলক গুলিবর্ষণ করে সেটিকে বাধা দিয়েছিল তারা। অপরদিকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে ব্রিটেন। ওই জাহাজটি তখন ইউক্রেইন থেকে জর্জিয়ায় যাচ্ছিল।

রাশিয়ার বাহিনী ক্রাইমিয়ায় এই ধরনের অনুপ্রবেশের প্রতিক্রিয়া কীভাবে জানায়, তার প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে ঘটনাটিকে ‘উস্কানি’ বলে অভিহিত করেন পুতিন।

ওই অচলাবস্থা চলার সময় বিশ্ব কী তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়েছিল, এমন প্রশ্নে পুতিন বলেন, “অবশ্যই না। আমরা যদি ওই জাহাজটিকে ডুবিয়েও দিতাম তাহলেও বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধে দ্বারপ্রান্তে পৌঁছে যেত এটা কল্পনা করা কষ্টকর, কারণ যারা এটি করেছে (উস্কানি দিয়েছে) তারা জানে এ ধরনের যুদ্ধ থেকে তারা বিজয়ী হয়ে আসতে পারবে না।”

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে পরিকল্পনা করে ওই ঘটনাটি ঘটিয়েছিল বলে অভিযোগ করেন পুতিন। ব্রিটিশ যুদ্ধজাহাজের পদক্ষেপে রাশিয়া কী প্রতিক্রিয়া করে তা পর্যবেক্ষণ করার জন্য ওই দিন সকালেই গ্রিস থেকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমান উড্ডয়ন করেছিল বলে জানান তিনি।